‘শ্রাবন্তীর সঙ্গে যবে থেকে কাজ করছি ও এক ছেলের মা…’, শ্রাবন্তী টেনে শুভশ্রীকে পাল্টা জবাব দেবের

টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে জল্পনা যেন থামছেই না। সম্প্রতি তাদের অভিনীত ‘ধূমকেতু’ ছবির নায়িকা নির্বাচন নিয়ে দেবের একটি মন্তব্যকে কেন্দ্র করে দুই তারকার মধ্যে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে দেব বলেন, “এখন যদি ‘ধূমকেতু’ তৈরি হত, তাহলে হয়তো শুভশ্রীকে সিনেমায় নেওয়া হতো না।” তিনি এর কারণ হিসেবে বলেন, “শুভশ্রী এখন দুই বাচ্চার মা এবং বিবাহিত। চরিত্রের জন্য যে ‘ইনোসেন্স’ প্রয়োজন ছিল, সেটা হয়তো এখন ওর মধ্যে নেই।” দেবের এই মন্তব্যে শুভশ্রী প্রচণ্ড ক্ষুব্ধ হন। এর জবাবে তিনি বলেন, “একজন বুদ্ধিমান মানুষ কীভাবে এমন কথা বলতে পারে, তা আমার জানা নেই।”
শুভশ্রীর মন্তব্যের পর দেব আবারও একটি সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, তার মন্তব্যটি ব্যক্তিগতভাবে শুভশ্রীকে আঘাত করার জন্য ছিল না, বরং চরিত্রের প্রয়োজনের কথা মাথায় রেখেই তিনি এমনটা বলেছেন। তবে, এরপরেই দেবের ফ্যান পেজ থেকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তিনি একটি নতুন তথ্য ফাঁস করেন। দেব জানান, ‘ধূমকেতু’ ছবির জন্য শুভশ্রীর আগে প্রথম পছন্দ ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
দেব আরও বলেন, “রানা সরকার এবং কৌশিক গঙ্গোপাধ্যায় চেয়েছিলেন এই ছবির মাধ্যমে দেব-শুভশ্রী জুটিকে ফিরিয়ে আনতে। তাই পরে শ্রাবন্তীর বদলে শুভশ্রীকে নেওয়া হয়েছিল।” তিনি আরও বলেন, “যখন থেকে আমি শ্রাবন্তীর সঙ্গে কাজ করছি, তখন থেকেই সে বিবাহিত এবং এক ছেলের মা।”
দেব শেষ পর্যন্ত বলেন যে, আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে এবং সবকিছু মেনে নিতে হবে। এই মন্তব্য কি তাদের সম্পর্ককে আরও জটিল করে তুলবে, নাকি এর মাধ্যমে বিতর্কের অবসান ঘটবে, সেটাই এখন দেখার বিষয়।