কোনো রকম দাদাগিরি না করে, ভারতকে সম্মান করুন! ট্রাম্পকে সতর্ক করলেন তাঁরই ‘প্রিয়’ রাষ্ট্রনেতা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-কে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (SCO) বৈঠকে একসঙ্গে দেখে নড়েচড়ে বসেছে পশ্চিমী দুনিয়া। এবার তাদের সরাসরি সতর্ক করলেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। তিনি বলেছেন, ভারত-সহ ‘গ্লোবাল সাউথ’-এর দেশগুলির ওপর কর্তৃত্ব ফলালে পশ্চিমী দুনিয়া হেরে যাবে।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতির মধ্যে ভারত, রাশিয়া এবং চিন নিজেদের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করেছে। তিনজিয়ানে অনুষ্ঠিত এসসিও বৈঠকের পর ফিনল্যান্ডের প্রেসিডেন্ট স্টাব এই মন্তব্য করেন। তিনি বলেন, “আমি শুধুমাত্র আমার ইউরোপীয় সহকর্মীদের নয়, আমি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রকে এই বার্তা দিতে চাই যে, আমরা যদি ভারতের মতো গ্লোবাল সাউথের দেশগুলির সঙ্গে সহযোগিতামূলক এবং মর্যাদাপূর্ণ বিদেশ নীতি বজায় রাখতে না পারি, তাহলে আমরা এই খেলায় হেরে যাব।”
আলেকজান্ডার স্টাব শুধু ফিনল্যান্ডের প্রেসিডেন্ট নন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। একটি সূত্র অনুযায়ী, সারা বিশ্বে যে কয়েকজন পশ্চিমী রাষ্ট্রনেতার কথায় ট্রাম্প কান দেন, তার মধ্যে স্টাব অন্যতম। এমনকি ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইউক্রেনের যে আলোচনা চলছে, তার কেন্দ্রবিন্দুতে আছে ফিনল্যান্ড।
গত মার্চে ফ্লোরিডার মার-এ-লাগো রিসর্টে ট্রাম্পের সঙ্গে সাত ঘণ্টা গলফ খেলেছিলেন স্টাব। সুইডিশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের জেন হ্যালেনবার্গ বলেন যে, স্টাব ট্রাম্পের কাছে এমন অপ্রত্যাশিত প্রবেশাধিকার পেয়েছেন, যা ইউরোপের কোনো ছোট দেশের অন্য কোনো নেতা কখনও পাননি।