‘ঘোস্টিং’ থেকে ‘জম্বিইং’! নতুন প্রজন্মের সম্পর্কের এই ট্রেন্ডগুলি কি জানেন? না জানলেই ‘লস’ কিন্তু

সময় বদলেছে, আর তার সঙ্গে বদলে গেছে মানুষের সম্পর্কের ধরন। একসময় যেখানে সম্পর্ক মানেই ছিল কেবল দাম্পত্য, এখন সেখানে এসেছে নতুন নতুন সংজ্ঞা। অনলাইন ডেটিং ও সোশ্যাল মিডিয়ার যুগে নতুন প্রজন্মের কাছে সম্পর্কের ভাষা এখন আরও বৈচিত্র্যময়। আজ আমরা এই আধুনিক সময়ের তেমনই কিছু মজার এবং বিতর্কিত ‘ডেটিং ট্রেন্ড’ নিয়ে আলোচনা করব।

শ্রেকিং (Shreking)
প্রখ্যাত কার্টুন চরিত্র ‘শ্রেক’-এর নাম থেকে এসেছে এই ধারণাটি। ‘শ্রেকিং’ বলতে বোঝায় এমন একজন সঙ্গীর সঙ্গে সম্পর্ক করা, যাকে তথাকথিতভাবে কম আকর্ষণীয় মনে করা হয়। এই প্রবণতার পেছনের যুক্তি হলো, সৌন্দর্য নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগা একজন সঙ্গী সম্পর্ক ছেড়ে সহজে যেতে চান না, ফলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। তবে এটি খুবই বিতর্কিত, কারণ সৌন্দর্যের সংজ্ঞা কে নির্ধারণ করবে, এবং মনকে কি এভাবে বেঁধে রাখা যায়— এমন প্রশ্ন থেকেই যায়।

পকেটিং (Pocketing)
‘পকেটিং’ মানে আপনার সম্পর্ককে সবার থেকে লুকিয়ে রাখা, ঠিক যেমন পকেটে রাখা কোনো জিনিস বাইরে থেকে দেখা যায় না। আধুনিক প্রজন্মের অনেকেই বিশ্বাস করেন যে সম্পর্ক ব্যক্তিগত ব্যাপার, এবং অতিরিক্ত প্রকাশ করলে তা ভেঙে যেতে পারে। তাই তারা নিজেদের প্রেম-ভালোবাসার কথা পরিবার বা সামাজিক মাধ্যম থেকে গোপন রাখেন।

মাঙ্কি বারিং (Monkey Barring)
হনুমান যেমন এক ডাল থেকে অন্য ডালে লাফ দেয়, তেমনই এই প্রবণতায় একজন ব্যক্তি একটি সম্পর্ক থেকে দ্রুত অন্য সম্পর্কে চলে যান। অনেক সময় একটি সম্পর্কে থাকার মাঝেই তারা নতুন সঙ্গীর খোঁজ করেন। এর ফলে সম্পর্কগুলো অত্যন্ত ক্ষণস্থায়ী হয়।

জম্বিইং (Zombing)
‘ঘোস্টিং’ (Ghosting) শব্দের সঙ্গে আমরা অনেকেই পরিচিত, যার অর্থ কোনো কারণ না দেখিয়ে হঠাৎ করে অদৃশ্য হয়ে যাওয়া। ‘জম্বিইং’ হলো তার পরের ধাপ। এক্ষেত্রে, আপনার জীবন থেকে হঠাৎ করে ‘গায়েবের’ হয়ে যাওয়া প্রাক্তন প্রেমিক বা প্রেমিকা কোনো এক দিন হঠাৎ করেই ফিরে আসেন, যেন কিছুই ঘটেনি।

কুকি-জারিং (Cookie-Jarring)
এই প্রবণতাটি নিরাপত্তাহীনতা থেকে আসে। এখানে একজন ব্যক্তি একই সাথে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েন। বহুগামিতার চেয়ে এটি কিছুটা ভিন্ন। এই ধরনের মানুষ ভয় পান যে তাদের বর্তমান সম্পর্কটি যেকোনো সময় ভেঙে যেতে পারে, তাই তারা সবসময় একটি বিকল্প সম্পর্ক তৈরি রাখেন, যেন কুকির জার ভর্তি করে রাখার মতো।