ইন্সটাগ্রাম ফিল্টার ব্যবহার করে বয়স কমাতেন প্রেমিকা! সামনাসামনি দেখে অবাক যুবক, তারপর যা ঘটল….

উত্তরপ্রদেশে এক ২৬ বছর বয়সী যুবক তার থেকে প্রায় দ্বিগুণ বয়স্ক প্রেমিকাকে নির্মমভাবে হত্যা করেছেন। মেইনপুরী জেলায় এই হত্যাকাণ্ড ঘটে, যা রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশের মতে, বিয়ের জন্য চাপ ও ধার দেওয়া টাকা ফেরত চাওয়ার কারণেই যুবক এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত অরুণ রাজপুত এবং ৫২ বছর বয়সী নিহত রানি বেগমের পরিচয় হয়েছিল ইনস্টাগ্রামে। রানি ফিল্টার ব্যবহার করে নিজেকে কম বয়সী হিসেবে উপস্থাপন করতেন। প্রায় দেড় বছর ধরে তাদের মধ্যে অনলাইন সম্পর্ক চলে।

দু’মাস আগে তারা প্রথমবার ফাররুখাবাদে দেখা করেন, সেখানেই অরুণ জানতে পারেন যে রানি তার চেয়ে অনেক বেশি বয়স্ক। কিন্তু, সম্পর্ক ভাঙার পরিবর্তে অরুণ কৌশলে রানির কাছ থেকে দেড় লক্ষ টাকা ধার নেন।

সম্পর্ক এগোনোর সাথে সাথে রানি অরুণকে বিয়ের জন্য চাপ দিতে শুরু করেন এবং একইসাথে ধার দেওয়া টাকাও ফেরত চান। এই চাপ থেকে মুক্তি পেতে অরুণ তাকে হত্যার পরিকল্পনা করেন।

পরবর্তীতে তিনি রানিকে মেইনপুরীতে ডেকে নেন। সেখানে একটি নির্জন স্থানে ওড়না দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করেন। এরপর তিনি রানির মোবাইল থেকে সিমকার্ড খুলে ফেলেন এবং মৃতদেহটি কাঁশবনের ঝোপে ফেলে রেখে পালিয়ে যান।

গত ১১ আগস্ট পুলিশ একটি অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার করে। পরে নিখোঁজ ডায়েরির সূত্র ধরে পরিবারের দেওয়া নম্বরের কল ডিটেইলস রিপোর্ট (CDR) বিশ্লেষণ করে পুলিশ অভিযুক্ত অরুণ রাজপুতকে চিহ্নিত করে এবং তাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে অরুণ নিজের অপরাধ স্বীকার করেছেন।

এই ঘটনাটি ডিজিটাল যুগে সম্পর্কের জটিলতা এবং তার ভয়াবহ পরিণতির এক করুণ উদাহরণ। অনলাইন পরিচয়ের উপর ভিত্তি করে গড়ে ওঠা সম্পর্ক কতটা বিপদজনক হতে পারে, এই ঘটনা তার একটি জ্বলন্ত প্রমাণ।