ভারত জুড়ে চালু হলো ডিটেনশন ক্যাম্প, অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য নয়া শর্ত, কী রয়েছে নতুন আইনে?

ডিটেনশন ক্যাম্প বা আটক শিবির এতদিন শুধুমাত্র অসমে সীমাবদ্ধ ছিল, কিন্তু এবার সারা ভারত জুড়ে চালু হতে চলেছে এই ব্যবস্থা। অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্তকরণ এবং আটক করার জন্য কেন্দ্র সরকার নতুন আইন এনেছে, যা সোমবার রাত থেকে সারা দেশে কার্যকর হয়েছে। এই নতুন আইন অনুযায়ী, প্রতিটি রাজ্য সরকারকেই ডিটেনশন ক্যাম্প চালু করতে হবে।

নতুন আইনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে কোনো ব্যক্তি নিজেকে ভারতীয় প্রমাণ করতে ব্যর্থ হলে বা তার নথিপত্র সন্দেহজনক মনে হলে তাকে সরাসরি ডিটেনশন ক্যাম্পে পাঠানো হতে পারে। এই ধরনের মামলা আর সাধারণ আদালতের অধীনে থাকবে না; বরং অসমের মতো বিশেষ ট্রাইব্যুনালের কাছে সন্দেহজনক বিদেশিদের পেশ করা হবে। এই প্রক্রিয়ায় জেলাশাসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, কারণ প্রাথমিক তদন্ত তদারকির ভার তাদের ওপর দেওয়া হয়েছে।

বাংলাদেশে ‘পুশ ব্যাক’ বন্ধে নতুন পদক্ষেপ
এই আইন এমন এক সময়ে চালু করা হলো যখন দেশ জুড়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চলছে। এতদিন অসম ছাড়া অন্য রাজ্যগুলোতে ডিটেনশন ক্যাম্প না থাকায় অবৈধভাবে প্রবেশকারীদের বাংলাদেশে ‘পুশ ব্যাক’ বা ঠেলে ফেরত পাঠানো হচ্ছিল। সম্প্রতি ঢাকাতে বিএসএফ-বিজিপি বৈঠকে বাংলাদেশ এই ‘পুশ ব্যাক’ নিয়ে আপত্তি জানিয়েছিল। নতুন ডিটেনশন ক্যাম্প ব্যবস্থা এই ধরনের ‘পুশ ব্যাক’ কার্যক্রম বন্ধ করতে সাহায্য করবে।

বিদেশি নাগরিকদের জন্য কঠোর নিয়ম
নতুন আইনে বিদেশি নাগরিকদের ওপর বেশ কিছু অতিরিক্ত শর্ত চাপানো হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বিষয় হলো:

জ্বালানি ও বিদ্যুৎ: কর্মসংস্থানের জন্য ভারতে আসা বিদেশি নাগরিকেরা সরাসরি পেট্রোলিয়াম, বিদ্যুৎ, বা পানীয় জল সরবরাহের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে কাজ করতে পারবেন না। এসব ক্ষেত্রে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ভারত সরকারের বিশেষ অনুমতি নিতে হবে।

পর্বত আরোহণ: বিদেশি নাগরিকদের ভারতের কোনো পর্বতের চূড়ায় সরাসরি যাওয়ার অনুমতি থাকবে না। এর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ অনুমোদন প্রয়োজন হবে।

গুরুতর অপরাধ: খুন, ধর্ষণ বা অন্যান্য গুরুতর অপরাধে যুক্ত কোনো বিদেশি নাগরিককে ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না। এমনকি ভারতে অবস্থানরত বিদেশি নাগরিকের বিরুদ্ধে এমন অভিযোগ উঠলেও তাকে দেশ থেকে বহিষ্কার করা হবে।

নেপাল ও ভুটানের নাগরিকদের জন্য বিশেষ নিয়ম
নতুন আইন অনুসারে, নেপাল ও ভুটানের নাগরিকেরা তাদের দেশের পাসপোর্ট ব্যবহার করে ভারতে প্রবেশ করতে পারবেন, এবং তাদের কোনো ভিসার প্রয়োজন হবে না। তবে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো, তারা চীন, পাকিস্তান বা আফগানিস্তান হয়ে ভারতে প্রবেশ করতে পারবেন না। তাদের সর্বদা নিজেদের দেশ থেকে ভারতে আসতে হবে।