আতশবাজি নিয়ে নতুন নিয়ম, কালীপুজো, দীপাবলি, ছট ও বড়দিনে কখন পোড়ানো যাবে বাজি

আসন্ন উৎসবের মরসুমে রাজ্যে আতশবাজি পোড়ানোর বিষয়ে নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এবারও নির্দিষ্ট সময় মেনে কেবল পরিবেশবান্ধব আতশবাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। এই নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের পরিবেশমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
কখন পোড়ানো যাবে বাজি?
মঙ্গলবার বিধানসভায় শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের এক প্রশ্নের জবাবে চন্দ্রিমা ভট্টাচার্য জানান, বিভিন্ন উৎসবের জন্য আলাদা আলাদা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে:
দীপাবলি (Diwali 2025): রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত, অর্থাৎ মোট ২ ঘণ্টা।
ছটপুজো (Chhath 2025): সকাল ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত, অর্থাৎ মোট ২ ঘণ্টা।
বড়দিন (Christmas 2025) ও ইংরেজি নববর্ষ (New Year 2026): রাত ১১টা ৫৫ মিনিট থেকে রাত ১২টা ৩০ মিনিট পর্যন্ত, অর্থাৎ মোট ৩৫ মিনিট।
আইন ভাঙলে কী হবে?
পরিবেশমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, যদি কেউ এই নির্দেশিকা লঙ্ঘন করেন, তাহলে এটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। পুলিশ ও প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এছাড়া, শব্দবাজি নিয়ে কোনো অভিযোগ থাকলে তা জানানোর জন্য একটি সরকারি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। সেই নম্বরটি হলো ১৮০০৩৪৫৩৩৯০। এই নম্বরে যেকোনো সময় অভিযোগ জানানো যাবে।
উল্লেখ্য, ২০২১ সাল থেকে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে পরিবেশবান্ধব আতশবাজি ছাড়া অন্য সব ধরনের বাজির আমদানি, ক্রয়, বিক্রয়, মজুদ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এই বছরও সেই নিয়মই কার্যকর থাকবে।