পেটের দায়ে গিয়েছিলেন ভিনরাজ্যে, ফিরলেন লাশ হয়ে! পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যুতে উত্তাল মালদহ

পেটের তাগিদে ভিনরাজ্যে কাজ করতে গিয়েছিলেন, কিন্তু ফিরলেন কফিনবন্দি হয়ে। মালদহের এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার বলছে, প্রথমে জানানো হয়েছিল তিনি সুস্থ আছেন, এরপর হঠাৎ আসে মৃত্যুর খবর। ঠিকাদারের কথায় অসঙ্গতি থাকায় মৃতের পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্স আটকে রেখে বিক্ষোভ দেখিয়েছেন।
ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার পৌরসভার মাধবনগর নিমতলা এলাকায়। মৃত শ্রমিকের নাম জগন্নাথ চৌধুরী (৪০)। তার পরিবারে রয়েছেন স্ত্রী অঞ্জলি চৌধুরী এবং দুই কন্যা সন্তান।
প্রথমে সুস্থ, পরে মৃত্যুর খবর
মৃতের স্ত্রী অঞ্জলি চৌধুরী জানান, গত চার মাস আগে জগন্নাথ কাজের জন্য তেলেঙ্গানার হায়দ্রাবাদে গিয়েছিলেন। গত শুক্রবার হঠাৎ খবর আসে, তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর শনিবার পরিবারের সদস্যদের জানানো হয় যে, জগন্নাথ সুস্থ আছেন এবং তাকে ট্রেনে করে বাড়ি পাঠানো হচ্ছে। কিন্তু কিছুক্ষণ পরই আসে মর্মান্তিক খবর— জগন্নাথের মৃত্যু হয়েছে।
মৃতের পরিবার ও স্বজনদের অভিযোগ, ঠিকাদার সংস্থা এবং অ্যাম্বুলেন্স চালকের কথায় মৃত্যুর কারণ নিয়ে অসঙ্গতি রয়েছে। ঠিকাদারকে সামনে না আনা পর্যন্ত তারা অ্যাম্বুলেন্স ছাড়বেন না বলে জানিয়েছেন।
পরিবারের ন্যায়বিচারের দাবি
আজ সকালে জগন্নাথ চৌধুরীর মৃতদেহ ময়না তদন্তের পর অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে আসা হয়। পরিবারের সদস্যরা বলছেন, তারা এই ঘটনার পেছনে আসল কারণ জানতে চান। তারা দাবি করেছেন, যতক্ষণ না ঠিকাদার আসছে এবং সত্যিটা জানা যাচ্ছে, ততক্ষণ তারা মৃতদেহ সৎকার করবেন না। এই ঘটনায় একটি সঠিক এবং নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে পরিবার।