‘নায়করা ভাল গাড়ি পান, রুম পান…’, বলিউডের লিঙ্গ বৈষম্য নিয়ে ফের বিস্ফোরক কৃতি স্যানন

স্পষ্টবাদী অভিনেত্রী হিসেবে বরাবরই পরিচিত কৃতি স্যানন। সম্প্রতি তিনি বলিউডে লিঙ্গবৈষম্য নিয়ে আবারো মুখ খুলেছেন এবং শুটিং সেটে নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিজ্ঞতা শেয়ার করেছেন।

জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) ভারতের লিঙ্গ সমতার সম্মানসূচক রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হওয়ার পর কৃতি জানান, নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত করা এখন তার প্রধান লক্ষ্য। তিনি বলেন, বলিউডে সরাসরি বড় বৈষম্য না থাকলেও ছোট ছোট বিষয়ে পার্থক্য চোখে পড়ে।

কৃতি তার অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, “পুরুষ অভিনেতারা ভালো গাড়ি এবং ভালো রুম পান। এগুলো শুধু গাড়ি বা রুমের ব্যাপার নয়, এটা এক ধরনের মানসিকতা প্রকাশ করে যে মেয়েদের স্থান ছোট করে দেখা হচ্ছে।” তিনি আরও বলেন, সহকারী পরিচালকরা প্রায়শই মেয়েদের আগে থেকে তৈরি থাকতে বলেন, যেন পুরুষ অভিনেতাদের জন্য অপেক্ষা না করতে হয়। কৃতি নিজে এসবের প্রতিবাদ করেছেন এবং বলেছেন, সবার জন্য একই নিয়ম থাকা উচিত। তিনি মনে করেন, সমাজের মানসিকতা বদলাতে হলে চলচ্চিত্র জগৎ থেকেই সচেতনতা তৈরি করতে হবে।

কৃতি তার মায়ের জীবনের একটি উদাহরণ দেন। তিনি বলেন, তার মা ছোটবেলায় সাঁতার বা নাচ শেখার স্বপ্ন দেখতেন, কিন্তু সমাজের পুরোনো নিয়মের কারণে তা সম্ভব হয়নি। পরিবার চাইতো মেয়েরা যেন শুধু ঘর-সংসার সামলায়। তার মা শেষ পর্যন্ত পড়াশোনাকে আঁকড়ে ধরে একজন অধ্যাপিকা হয়েছিলেন। কৃতি বলেন, “আমার মা যা করতে পারেননি, তাই আমাকে আর আমার বোনকে অনুপ্রাণিত করেছে। মা সবসময় বলতেন, তোমরা যা চাও তাই করো, স্বপ্ন পূরণের পথে পিছু হটবে না।”

কৃতি এর আগেও বলিউডে পারিশ্রমিক বৈষম্য নিয়ে কথা বলেছেন। তার মতে, কাজ যখন একই, তখন নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিক ভিন্ন হবে কেন? তিনি মনে করেন, সময়ের সাথে সাথে এই অবস্থার পরিবর্তন হচ্ছে। তার অভিনীত ‘ক্রু’-এর মতো নারী-কেন্দ্রিক ছবির সাফল্য প্রমাণ করে যে দর্শকরা কনটেন্ট-ভিত্তিক ছবিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।