OMG! খাবার প্লেটে পনিরের তরকারিতে ভাসছে মরা ইঁদুর! যোগীরাজ্যে ভয়াবহ অভিজ্ঞতার শিকার দুই যুবক

ভয়ংকর! পছন্দের রেস্টুরেন্টের পনিরের তরকারি অর্ডার করে প্লেটে মরা ইঁদুর পেয়েছেন দুই যুবক। এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বিলসি এলাকার একটি জনপ্রিয় ধাবায়। সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে নেটিজ়েনরা রীতিমতো ক্ষুব্ধ।
জানা গেছে, বিলসি শহরের বাসিন্দা নিশান্ত মহেশ্বরী তার বন্ধু পুনীতকে নিয়ে সেখানকার ‘আনমোল ধাবা’-তে খেতে গিয়েছিলেন। তারা পনিরের তরকারি অর্ডার করেন। খাবার আসার পর খেতে শুরু করতেই তারা দেখতে পান, খাবারের মধ্যে একটি তেজপাতার আড়ালে একটি মরা ইঁদুর ভাসছে। তারা তৎক্ষণাৎ ভিডিওটি রেকর্ড করেন এবং ধাবা কর্তৃপক্ষকে এ বিষয়ে অভিযোগ জানান।
নিশান্ত জানান, তিনি এ ব্যাপারে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করবেন। এই ঘটনায় বিলসির সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) প্রেম পাল সিং জানান, তিনি ভিডিওটি দেখেছেন কিন্তু এখনও কোনো লিখিত অভিযোগ পাননি। তিনি আরও বলেন, ভিডিওটির সত্যতা যাচাই করা হচ্ছে এবং শহরের অন্যান্য হোটেল ও রেস্টুরেন্টগুলোতেও খাবারের মান পরীক্ষা করা হবে।
এর আগেও খাবারের মধ্যে মিলেছে টিকটিকি ও কাঁচের টুকরো!
ভারতে খাবারের মধ্যে অবাঞ্ছিত জিনিসের উপস্থিতির ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও একাধিকবার এমন অভিযোগ উঠেছে, যা মানুষকে অবাক করেছে।
পুনে, মহারাষ্ট্র: গত জুলাই মাসে পুনের বিখ্যাত ‘ক্যাফে গুডলাক’-এর বিরুদ্ধে অভিযোগ ওঠে। সেখানে এক দম্পতি খাবারের মধ্যে কাঁচের টুকরো পেয়েছিলেন। ভাইরাল হওয়া ভিডিওটির ভিত্তিতে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) ওই ক্যাফেতে তদন্ত চালিয়েছিল এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ক্যাফের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।
কানপুর, উত্তর প্রদেশ: আগস্ট মাসে কানপুরের জিটি রোড এলাকার একটি ধাবার রুটিতে মরা টিকটিকি পাওয়া গিয়েছিল। সেই ঘটনার ভিডিওতে দেখা যায়, একজন গ্রাহক অ্যালুমিনিয়াম ফয়েলে মোড়ানো রুটি খুলে দেখাচ্ছেন, যার মধ্যে একটি মরা টিকটিকি আটকে আছে। তিনি জানান, এই রুটি খেয়ে তার পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েন।
বারবার এমন ঘটনা ঘটায় হোটেল-রেস্টুরেন্টের খাবারের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। নেটিজ়েনরা এ ধরনের রেস্টুরেন্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।