মারাত্মক! জুতোর ভিতরে লুকিয়ে ছিল বিষধর সাপ, পা ঢোকাতেই মর্মান্তিক মৃত্যু সফটওয়্যার ইঞ্জিনিয়ারের

বেঙ্গালুরুতে এক মর্মান্তিক ঘটনায় সাপের কামড়ে মৃত্যু হয়েছে ৪১ বছর বয়সী এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের। তার নাম মঞ্জু প্রকাশ। এই দুঃখজনক ঘটনার মূল কারণ ছিল তার পায়ে সাড় না থাকা।

জানা গেছে, মঞ্জু প্রকাশ বেঙ্গালুরুর বান্নারঘাট্টা এলাকায় জুস কিনতে গিয়েছিলেন। দোকানে ঢোকার আগে তিনি নিজের জুতো বাইরে খুলে রাখেন। জুস কিনে ফিরে এসে সেই জুতো পরেই তিনি ঘরে ঢোকেন। কিন্তু তিনি টেরও পাননি যে তার অজান্তেই জুতোয় ঢুকে থাকা একটি বিষধর সাপ তাকে কামড়েছে। তার পায়ে সাড় না থাকায় তিনি কামড়ের কোনো ব্যথা বা অনুভূতি বুঝতে পারেননি।

ঘরে ফিরে বিশ্রাম নেওয়ার সময় মঞ্জু হঠাৎ জ্ঞান হারান। পরে পরিবারের পরিচারিকা তার জুতো পরিষ্কার করতে গিয়ে দেখেন তার ভেতরে একটি সাপ লুকিয়ে আছে। ততক্ষণে মঞ্জুর অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠেছে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ে। শুধু বেঙ্গালুরু নয়, দেশের বিভিন্ন স্থানে এই সময় ঘরের ভেতরে বা বাইরে সাপের আনাগোনা বেড়ে যায়। এর আগে মহারাষ্ট্রের পুনেতে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা ঘরের ভেতর থেকে একটি সাপ উদ্ধার করে নিজের গলায় পেঁচিয়েছিলেন, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই ঘটনাটি কৌতূহল জাগালেও, বেঙ্গালুরুর এই ঘটনাটি বর্ষার সময় বিশেষ সতর্ক থাকার প্রয়োজনীয়তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।