উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন আলিপুর আদালতের আইনজীবী

পূজার ছুটিতে আনন্দ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন দুই যুবক। উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে প্রাণ হারালেন একজন আইনজীবী এবং আরেকজন কলেজছাত্র। দুটি পৃথক ঘটনায় মৃত্যু হলেও এর পেছনে পর্যটকদের অসচেতনতা এবং সমুদ্রে নজরদারির অভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।

আলিপুর আদালতের আইনজীবী দেবাশিস দত্ত (৪৭) বন্ধুদের সঙ্গে মন্দারমণি সৈকতে ঘুরতে গিয়েছিলেন। রবিবার দুপুরে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে তিনি সমুদ্রের গভীরের দিকে চলে যান। হঠাৎই এক তীব্র ঢেউয়ের ধাক্কায় তিনি ভেসে যান। লাইফগার্ডরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও ততক্ষণে সবকিছু শেষ। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সোমবার ময়নাতদন্তের পর তাঁর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

একই দিনে মর্মান্তিক ঘটনা ঘটেছে ওড়িশা সীমান্তবর্তী উদয়পুর সৈকতেও। নদিয়ার করিমপুর থেকে আসা ২১ বছর বয়সী নবরূপ মোহান্ত বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে প্রবল স্রোতের টানে তলিয়ে যান। বন্ধুদের বহু চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি। অল্প সময়ের মধ্যেই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে এবং পরিবারে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে, সমুদ্র সৈকতগুলোতে পর্যটকদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত সতর্কীকরণ ব্যবস্থা নেই। বারবার এমন দুর্ঘটনা ঘটলেও প্রশাসন উদাসীন। তাঁরা অবিলম্বে সৈকতে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কোনো পর্যটককে জীবন হারাতে না হয়।