মাঠে ডিম পেড়েছে বিরল প্রজাতির পাখি, এক মাসের জন্য খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ

মাঠের মাঝে ডিম পেড়েছে একটি বিরল প্রজাতির পাখি। আর সে কারণেই এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হলো অস্ট্রেলিয়ার একটি ফুটবল মাঠ। ঘটনাটি ঘটেছে ক্যানবেরার কাছে জেরাবম্বের রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে। কর্তৃপক্ষ জানিয়েছে, ডিম ফুটে বাচ্চা না হওয়া পর্যন্ত এই মাঠে আর কোনো খেলা বা অনুশীলন হবে না।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইয়াহু নিউজের রিপোর্ট অনুযায়ী, একটি ম্যাচ চলাকালীন মাঠের একেবারে মাঝখানে প্লোভার নামক সংরক্ষিত প্রজাতির এই পাখিটির ডিমটি নজরে আসে। এরপরই খেলার মাঠটি পরিবর্তন করে পার্শ্ববর্তী মাঠে নিয়ে যাওয়া হয়।
পরে বিশেষজ্ঞরা জানান, এই পাখিগুলি ডিম পাড়ার পর খুবই সংবেদনশীল হয়ে পড়ে এবং তাদের ডিমে কোনো মানুষ বা প্রাণী কাছে গেলে তারা আক্রমণ করে। তাই নিরাপত্তার কথা ভেবে এবং পাখিটিকে বিরক্ত না করার জন্য মাঠের ওই অংশটি সম্পূর্ণরূপে সুরক্ষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণত একটি ডিম থেকে বাচ্চা হতে ১০ দিন থেকে দুই সপ্তাহ সময় লাগে। তবে এটি একটি সংরক্ষিত প্রজাতির পাখি হওয়ায় এবং বিশেষজ্ঞদের পরামর্শের প্রয়োজন হওয়ায় সর্বোচ্চ ২৮ দিন পর্যন্ত মাঠটি বন্ধ থাকতে পারে। ওয়াইল্ডকেয়ার নামের একটি বন্যপ্রাণী সংস্থার সঙ্গে মাঠ কর্তৃপক্ষ যোগাযোগ করেছে। তাদের অনুমোদনের পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এই ঘটনাটি পরিবেশ সচেতনতা এবং বন্যপ্রাণী সংরক্ষণে অস্ট্রেলিয়ার প্রতিশ্রুতির এক দারুণ উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।