ফের দুর্ঘটনার মুখে বিমান! মাঝ আকাশে পাখির সঙ্গে ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন ২৭২ যাত্রী!

আহমেদাবাদে বিমান দুর্ঘটনার আতঙ্ক এখনও টাটকা। এর মধ্যেই আরও একটি বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ২৭২ জন যাত্রী। নাগপুর থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমানটি মাঝ আকাশে পাখির ধাক্কা খাওয়ার পর জরুরি অবতরণ করে।

জানা গেছে, নাগপুর থেকে ইন্ডিগোর ৬ই ৮১২ (6E812) বিমানটি কলকাতার দিকে আসছিল। মাঝ আকাশে হঠাৎই একটি পাখির সঙ্গে বিমানের ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে পাইলট বিমানটিকে ঘুরিয়ে নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করান। এতে বিমানের সামনের অংশের কিছুটা ক্ষতি হয়েছে বলে জানা যায়। তবে, সৌভাগ্যবশত কোনও যাত্রী আহত হননি।

নাগপুর বিমানবন্দরের সিনিয়র এয়ারপোর্ট ডিরেক্টর আবিদ রুহি জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রাথমিক তদন্তে এটি পাখির ধাক্কায় ঘটেছে বলে মনে করা হচ্ছে।

এটিই প্রথম নয়, গত সোমবার পুনে থেকে দিল্লি যাওয়ার পথে স্পাইসজেটের একটি বিমানেও যান্ত্রিক ত্রুটি দেখা যাওয়ায় সেটিকে মাঝপথেই ফিরিয়ে আনা হয়। বারবার এমন ঘটনা ঘটায় যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

গত ১২ জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ড্রিমলাইনার বিমান ভেঙে পড়েছিল, যেখানে ২৭৫ জনের মৃত্যু হয়। সেই ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি এখনও মানুষের মনে দগদগে।