গাড়ির মালিকদের জন্য স্বস্তির খবর! পাবলিক প্লেসে থাকা গাড়ির লাগবে না রোড ট্যাক্স! জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

গাড়ির মালিকদের জন্য এক দারুণ খবর! ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে ঘোষণা করেছে যে, এখন থেকে শুধুমাত্র সেইসব গাড়ির উপরই রোড ট্যাক্স বসানো যাবে, যা পাবলিক রোডে চলাচল করে। আপনার গাড়ি যদি ব্যক্তিগত প্রাঙ্গণ, যেমন গ্যারেজ বা কারখানার ভেতরে থাকে এবং পাবলিক রোডে ব্যবহার না করা হয়, তাহলে তার উপর কোনোভাবেই আর ট্যাক্স নেওয়া যাবে না।
অন্ধ্রপ্রদেশের একটি মামলার পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টের একটি লজিস্টিক কোম্পানি তাদের ৩৬টি গাড়ি শুধুমাত্র প্ল্যান্টের ভেতরে ব্যবহার করত। কিন্তু রাজ্য সরকার সেই গাড়িগুলোর ওপরও রোড ট্যাক্স দাবি করেছিল। এর বিরুদ্ধে কোম্পানিটি সুপ্রিম কোর্টে আবেদন করলে আদালত জানায়, যেহেতু ওই প্ল্যান্ট একটি পাবলিক প্লেস নয়, তাই গাড়িগুলির উপর ট্যাক্স বসানো যাবে না।
এই রায়ের ফলে দেশের অসংখ্য গাড়ির মালিক লাভবান হবেন। এতদিন ধরে ব্যক্তিগত গাড়ি, ট্যাক্সি, বাসের মতো বহু গাড়ি মাসের পর মাস গ্যারেজে অচল অবস্থায় থাকলেও তার ওপর রোড ট্যাক্স দিতে হত। এখন থেকে যদি কোনো গাড়ি দীর্ঘদিন ব্যবহার না করে রাখা থাকে, তাহলে সেই সময়ের জন্য মালিকরা ট্যাক্স মুকুবের আবেদন করতে পারবেন।
যদিও এই রায়টি প্রাথমিকভাবে অন্ধ্রপ্রদেশ মোটর ভেহিকেল ট্যাক্স অ্যাক্ট (১৯৬৩)-এর ভিত্তিতে দেওয়া হয়েছে, তবে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে এই রায়ের প্রভাব দেশের অন্যান্য রাজ্যেও পড়বে। ফলে, সাধারণ মানুষ ও গাড়ির মালিকদের জন্য এটি এক বিরাট স্বস্তির খবর।