‘এর শেষ দেখে ছাড়ব!’ কী কারণে পিছল DA মামলার শুনানি? মুখ খুললেন মলয় মুখোপাধ্যায়

মাসের প্রথম দিনেই আবারও মন ভাঙল পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা (ডিএ) মামলার শুনানি সুপ্রিম কোর্টে ১ সেপ্টেম্বর থেকে ফের পিছিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, আগামী ৮ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।

রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, বিচারপতিদের অন্য কয়েকটি মামলার শুনানি ছিল, যে কারণে তাঁরা ডিএ মামলার জন্য সময় বের করতে পারেননি। এই পরিস্থিতিতে বিচারপতিরা ১ সেপ্টেম্বরের পরিবর্তে অন্য একটি দিনে শুনানির কথা বলেন। অপরদিকে, রাজ্যের আইনজীবী কপিল সিব্বল এই মামলার জন্য আরও দু’দিন সময় চেয়েছিলেন, যার বিরোধিতা করে কনফেডারেশনের আইনজীবী বলেন যে মামলার শুনানি আগেই শেষ হয়ে গিয়েছে, তাই আর সময় দেওয়ার প্রয়োজন নেই।

ডিএ মামলার এই সিদ্ধান্তে কর্মচারীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। তবে কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় কর্মীদের উদ্দেশ্যে ফেসবুকে একটি বার্তা দিয়েছেন। তিনি বলেন, “আজ বিচারকরাই ডিএ মামলাটি শুনলেন না। কারণ তাঁদের বেশ কয়েকটি মামলা শুনতে ছিল। আগামী সোমবার আবারও দুপুর ২টোর সময় দিয়েছেন। তবুও আমাদের হতাশ হলে চলবে না। ডিএ মামলার শেষ দেখে ছাড়ব।”

এই ঘটনায় সরকারি কর্মীদের মধ্যে উদ্বেগ ও চাপা ক্ষোভ থাকলেও, পরবর্তী শুনানির জন্য তাঁরা আশায় বুক বাঁধছেন।