দুর্দান্ত সুখবর! রেলকর্মীদের জন্য বেড়ে গেল বীমা কভারেজ, কীভাবে পাবেন এই সুবিধা?

দেশের বৃহত্তম রেল নেটওয়ার্ক ভারতীয় রেলওয়ে (IR) এবং বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর মধ্যে এক ঐতিহাসিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে এসবিআই-তে বেতন অ্যাকাউন্ট থাকা প্রায় ৭ লক্ষ রেল কর্মীর জন্য বীমা কভারেজ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। এই অনুষ্ঠানে রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব, রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান শ্রী সতীশ কুমার এবং এসবিআই-এর চেয়ারম্যান শ্রী সি.এস. শেট্টি উপস্থিত ছিলেন।
কী কী সুবিধা পাচ্ছেন রেল কর্মীরা?
এই নতুন চুক্তির ফলে রেল কর্মীরা একাধিক গুরুত্বপূর্ণ সুবিধা পাচ্ছেন:
দুর্ঘটনাজনিত মৃত্যু বীমা: বর্তমানে CGEGIS-এর আওতায় গ্রুপ A, B এবং C কর্মীদের জন্য দুর্ঘটনাজনিত মৃত্যুর কভারেজ যথাক্রমে ১.২০ লক্ষ, ৬০ হাজার এবং ৩০ হাজার টাকা। নতুন চুক্তি অনুযায়ী, এই কভারেজ বাড়িয়ে ১ কোটি টাকা করা হয়েছে।
স্বাভাবিক মৃত্যু বীমা: এসবিআই-তে বেতন অ্যাকাউন্ট থাকা সকল রেল কর্মীর জন্য ১০ লক্ষ টাকা স্বাভাবিক মৃত্যু বীমা কভারেজ দেওয়া হবে। এর জন্য কোনো প্রিমিয়াম বা মেডিকেল পরীক্ষার প্রয়োজন হবে না।
অন্যান্য গুরুত্বপূর্ণ সুবিধা
এছাড়াও, এই চুক্তির আওতায় রেল কর্মীরা আরও কিছু বিশেষ সুবিধা পাবেন:
১.৬০ কোটি টাকার বিমান দুর্ঘটনা বীমা (মৃত্যু) কভারেজ।
১ কোটি টাকার ব্যক্তিগত দুর্ঘটনা (স্থায়ীভাবে সম্পূর্ণ অক্ষমতা) কভারেজ।
৮০ লক্ষ টাকার ব্যক্তিগত দুর্ঘটনা (স্থায়ীভাবে আংশিক অক্ষমতা) কভারেজ।
১ কোটি টাকার অতিরিক্ত সুবিধা রুপে ডেবিট কার্ডের মাধ্যমে।
এই চুক্তিটি বিশেষ করে ফ্রন্টলাইন কর্মী, অর্থাৎ গ্রুপ সি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেল আধিকারিকরা এই পদক্ষেপকে কর্মচারী কল্যাণের দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন।