আমেরিকার পণ্যে শুল্ক শূন্য করার প্রস্তাব ভারতের? ‘অনেক দেরি হয়ে গেছে!’ ফের বোমা ফাটালেন ট্রাম্প

ভারত ও আমেরিকার মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ এবার নতুন মোড় নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারত নাকি আমেরিকার পণ্যের উপর শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে তিনি এই প্রস্তাবকে “অনেক দেরি হয়ে গিয়েছে” বলে মন্তব্য করেছেন।
পয়লা সেপ্টেম্বর নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প লেখেন, “অনেকে বোঝেন না যে আমরা ভারতের সঙ্গে খুব সামান্য ব্যবসা করি, অথচ তারা আমাদের বাজারে বিপুল পরিমাণে পণ্য বিক্রি করে। এটা সম্পূর্ণ একপাক্ষিক।” তিনি আরও জানান, ভারত এখন শুল্ক শূন্য করার প্রস্তাব দিলেও, এই সিদ্ধান্ত বহু বছর আগেই নেওয়া উচিত ছিল।
ভারত-আমেরিকার মধ্যে পাঁচ দফা বাণিজ্য বৈঠক ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে শেষ মুহূর্তে স্থগিত হয়ে যাওয়া ষষ্ঠ দফার বৈঠকের আগেই আমেরিকা ভারতের উপর মোট ৫০% শুল্ক চাপিয়ে দেয়। প্রথমে ২৫% শুল্ক আরোপ করা হয় এবং পরে রাশিয়া থেকে তেল কেনার কারণে আরও ২৫% শুল্ক যোগ করা হয়।
আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের এই মন্তব্য দু’দেশের বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা। যদি ভারত সত্যিই শুল্ক শূন্য করে দেয়, তবে মার্কিন কোম্পানিগুলো ভারতীয় বাজারে প্রবেশ করতে পারবে, যা দু’দেশের বাণিজ্য ঘাটতি কমাতে সাহায্য করবে। তবে একই সঙ্গে এই সিদ্ধান্ত ভারতের কৃষি ও দেশীয় শিল্পকে বিপদে ফেলতে পারে, যা মোদী সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
সম্প্রতি চিনে প্রধানমন্ত্রী মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বৈঠক সম্পন্ন হয়েছে। এই বৈঠক এবং ভারতের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ জ্বালানি সম্পর্ক নিয়ে আমেরিকা অসন্তুষ্ট। ট্রাম্পের এই মন্তব্য সেই অসন্তোষেরই প্রকাশ বলে মনে করা হচ্ছে।