পরপর ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তান, মানবিক সহায়তার হাত বাড়াল ভারত! জয়শঙ্কর লিখলেন, ‘পাশে আছি’

সোমবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব আফগানিস্তান। রিখটার স্কেলে ৬.৩ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৮১২ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ২৮০০ জন আহত হয়েছেন। এই মানবিক বিপর্যয়ের মুখে আফগানিস্তানের পাশে দাঁড়াল ভারত।
ভূমিকম্পের খবর পাওয়া মাত্রই ভারত জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাবুলে ইতিমধ্যেই ১০০০ পারিবারিক তাঁবু পাঠানো হয়েছে এবং কুনার প্রদেশে ১৫ টন খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলাভি আমির খান মুত্তাকির সঙ্গে কথা বলে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং দ্রুত আহতদের আরোগ্য কামনা করেছেন। তিনি আরও জানিয়েছেন যে, মঙ্গলবার থেকে সরাসরি ভারত থেকে আরও ভারী ত্রাণ সামগ্রী পাঠানো হবে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, আফগানিস্তানের নানগারহার প্রদেশের কামা জেলায় ছিল ভূমিকম্পের কেন্দ্র। এরপর ৪ থেকে ৫ মাত্রার বেশ কয়েকটি আফটারশক আঘাত হানে। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা (UNOCHA) জানিয়েছে, কুনার, লাগমান, নানগারহার ও নুরিস্তান প্রদেশের কমপক্ষে ১২,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বাখতারের প্রতিবেদন অনুযায়ী, নুরগাল, চৌকে এবং ওয়াতাপুর জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে তিনটি গ্রাম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।
ভূমিকম্পের পর থেকেই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারের জন্য জোর কদমে কাজ চলছে। তবে এলাকাগুলো দুর্গম হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান জানান, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ এখনও বহু জায়গায় পৌঁছানো সম্ভব হয়নি।
বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পটির গভীরতা মাত্র ৮ কিলোমিটার হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়েছে। নিম্নমানের কাঁচামাটি ও কাঠ দিয়ে তৈরি গ্রামীণ ঘরবাড়িগুলো সহজেই ধসে পড়েছে, যা হতাহতের সংখ্যা বাড়িয়েছে।