প্রেম মানেনা বয়স! নাতির বয়সী তরুণের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ৮৩ বছরের বৃদ্ধা

বয়স যে কেবল একটি সংখ্যা, তা আরও একবার প্রমাণ করে দিল জাপান থেকে আসা এক অসমবয়সী প্রেমের গল্প। ৮০-র কোঠায় থাকা এক বৃদ্ধা এবং তাঁর নাতির বয়সী ২৩ বছর বয়সী এক তরুণের প্রেমের গল্প এখন ভাইরাল। তাঁদের সম্পর্ক, ভালোবাসা এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে এই যুগল এক সাক্ষাৎকারে যা বলেছেন, তাতে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।
৮৩ বছর বয়সী আইকু এবং ২৩ বছর বয়সী কোফুর প্রেমের শুরুটা হয় প্রায় ছয় মাস আগে। কোফু তার এক সহপাঠীর বাড়িতে যায় এবং সেখানেই প্রথমবার আইকুর সঙ্গে তার দেখা হয়। প্রথম দেখাতেই আইকুর প্রেমে পড়েন কোফু। তবে বয়সের বিশাল ব্যবধানের কারণে কেউই মনের কথা প্রকাশ করতে পারছিলেন না।
অবশেষে এক দিন কোফুর সহপাঠীর পরিকল্পনা অনুযায়ী, একটি দল ডিজনিল্যান্ডে যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে কেবল কোফু ও আইকু সেখানে যান। সেখানেই, সন্ধ্যার এক রোম্যান্টিক মুহূর্তে কোফু আইকুকে প্রেমের প্রস্তাব দেন। কোফুর ভালোবাসা দেখে আইকু আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। সেই থেকে তাঁদের সম্পর্ক আরও গভীর হয়।
এই অসমবয়সী সম্পর্ক নিয়ে শুরুতে দুই পরিবারই কিছুটা চিন্তিত ছিল। কিন্তু শেষ পর্যন্ত উভয় পরিবারই তাঁদের ভালোবাসাকে মেনে নেয়। বর্তমানে তাঁরা দু’জন একসঙ্গেই থাকেন।
সাক্ষাৎকারে এই প্রেমিক যুগল জানিয়েছেন, আপাতত তাঁদের বিয়ের কোনও পরিকল্পনা নেই। তাঁরা বর্তমান সম্পর্কটিকেই উপভোগ করতে চান। কোফু বলেন যে, ঘুম ভাঙার পর আইকুর মুখ দেখাই তার সবচেয়ে প্রিয় কাজ। অন্যদিকে আইকু বলেন, কোফু যখন কাজে চলে যায়, তখন তিনি খুব একা অনুভব করেন, কিন্তু তাঁর জন্য রান্না করার সময় মনে আনন্দ পান। এই অনন্য সম্পর্কের গল্প শুনে অনেকেই মুগ্ধ হয়েছেন, তবে এর স্থায়িত্ব নিয়ে প্রশ্নও উঠেছে। কিন্তু বেশিরভাগ মানুষই মনে করেন, যতক্ষণ দু’জন একসঙ্গে সুখে আছেন, ততক্ষণ অন্য কারওর কিছু বলার নেই।