জলমগ্ন মুর্শিদাবাদ, গৃহবন্দি বহু পরিবার, থমকে জীবিকা! পঞ্চায়েতের উপর ক্ষেপে গ্রামবাসীরা

দক্ষিণবঙ্গে নদীর জল কিছুটা কমলেও, নতুন করে টানা বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা। এর জেরে ক্ষেত থেকে শুরু করে বহু বাড়িঘর এখন জলের নিচে। লাগাতার বৃষ্টির কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
গ্রামের পর গ্রাম জলের তলায়
মুর্শিদাবাদের রানিতলা থানার অন্তর্গত হোসনাবাদ দক্ষিণপাড়া এলাকার পরিস্থিতি সবচেয়ে খারাপ। স্থানীয়রা জানিয়েছেন, গত ছয় দিন ধরে বৃষ্টির জল তাদের শোবার ঘর পর্যন্ত ডুবিয়ে রেখেছে, যার কারণে বহু পরিবার গৃহবন্দি হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, বারবার গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। জল জমার কারণে দোকানপাট বন্ধ রাখতে বাধ্য হয়েছেন ব্যবসায়ীরাও।
কেন এই জলমগ্ন পরিস্থিতি?
পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃষ্টির ফলে আশেপাশের জমি থেকে জল গ্রামের দিকে প্রবাহিত হওয়ায় এই জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে তারা জানিয়েছেন। যদিও পঞ্চায়েত মেশিন বসিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করেছে, কিন্তু তা এখনও এলাকাবাসীর দুর্ভোগ কমাতে পারেনি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তাই স্থানীয়রা আশাবাদী যে, বৃষ্টি না হলে দ্রুত পরিস্থিতির উন্নতি হবে।