মতুয়াদের নিয়ে বিতর্কিত মন্তব্যে মহুয়া মৈত্রর বিরুদ্ধে ক্ষোভ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতাবালার

মতুয়া সম্প্রদায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করে নিজ দলেরই সাংসদ এবং মতুয়া সমাজের একাংশের আক্রমণের মুখে পড়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মতুয়াদের একাংশ তাঁর মন্তব্যের জন্য আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন।

সম্প্রতি এক জনসভায় মহুয়া মৈত্র বলেন, “সারা বছর তৃণমূলী, আর ভোটের সময় সনাতনী। এগুলো কী অঙ্ক ভাই?” তিনি অভিযোগ করেন যে, মতুয়া ভোটব্যাংক তৃণমূলের অনুদান নিলেও ভোট দেওয়ার সময় বিজেপির দিকে ঝুঁকে যায়। তিনি আরও বলেন, “কাঠের মালা পরে ভাই সব তো চলে আসেন ভাতা নিতে, তখন কী হয়? বাস্তবতা বলছি, শুনতে খারাপ লাগলেও।” তাঁর এই মন্তব্য ঘিরেই মূলত বিতর্কের সূত্রপাত।

মহুয়ার মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মতুয়া মহাসংঘ। এই সংগঠনের নেতৃত্বে রয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। তিনি বলেন, “মহুয়ার এই মন্তব্য তৃণমূল কংগ্রেসের নয়, এর দায় সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত। তিনি মোটেও ঠিক কথা বলেননি। ওটা কাঠের মালা নয়, তুলসীর মালা। আর কোনও মতুয়া কি তৃণমূলকে ভোট দেয় না?” তিনি আরও জানান, মহুয়াকে তাঁর এই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে, অন্যথায় তাঁর সংগঠন আইনি পদক্ষেপ নেবে।
এই ঘটনায় বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরও মহুয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, এই বিষয়ে আইনজীবীর সঙ্গে পরামর্শ করছেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই ঘটনাটি তৃণমূলের অন্দরে মতুয়া ভোটব্যাংক নিয়ে নতুন করে টানাপোড়েন তৈরি করেছে।