মিজোরামের পর কি মণিপুরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? ১৩ সেপ্টেম্বরের সফর ঘিরে তুঙ্গে জল্পনা!

অবশেষে কি মণিপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? পিটিআই সূত্রে খবর, আগামী ১৩ সেপ্টেম্বর মিজোরাম ও মণিপুর সফরে যেতে পারেন তিনি। যদিও প্রধানমন্ত্রীর দফতর থেকে এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

মিজোরামের বৈরবী-সাইরাং রেলপথ উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর এই সফর। তবে সূত্রের খবর, মিজোরাম সফর শেষে তিনি মণিপুরেও যেতে পারেন। ২০২৩ সালে মণিপুরের জাতিগত সংঘর্ষের পর এটিই হতে পারে প্রধানমন্ত্রীর প্রথম সফর। এই সফর ঘিরে তাই রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা চলছে।

যদি মোদীর মণিপুর সফর নিশ্চিত হয়, তাহলে তিনি মেইতেই এবং কুকি উভয় সম্প্রদায়ের অধ্যুষিত এলাকাতেই যেতে পারেন। এমনকি, রাজ্যের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও তিনি বৈঠক করতে পারেন। যদিও এটি একটি সংক্ষিপ্ত সফর হওয়ার সম্ভাবনা।

২০২৩ সালের জাতিগত সংঘর্ষে মণিপুরে প্রায় ২৫০ জন প্রাণ হারিয়েছিলেন এবং ৬০,০০০ এর বেশি মানুষ গৃহহীন হয়ে ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছিলেন। প্রধানমন্ত্রীর এই সফর রাজ্যটির বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও, রাজ্যজুড়ে এখনো নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছে মানুষ। এমন এক পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর মণিপুরের ক্ষত সারানোর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।