Weather: নিম্নচাপের জেরে বৃষ্টি চলবে কতদিন? জেনে নিন কি বলছে হাওয়া অফিস

বঙ্গোপসাগরের ওপর নতুন করে নিম্নচাপের ভ্রূকুটি দেখা যাচ্ছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও ওড়িশা উপকূলে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় হচ্ছে, যা আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। এর ফলে আবারও বৃষ্টিতে ভিজবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, যার জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পরিস্থিতির কারণে দক্ষিণবঙ্গের সব জেলায় ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে, বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি।

মঙ্গলবার উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানানো হয়েছে।

নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। তাই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে, বাংলা এবং ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে আগামী বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পর্যন্ত তাদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। অন্যদিকে, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.০ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৬৩ থেকে ৯৪ শতাংশ। এই সময়ে মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টির কারণে তাপমাত্রার সামান্য ওঠানামা দেখা যাবে।