নতুন করে পরীক্ষা দিতে নারাজ চাকরিহারা শিক্ষকরা! SSC ভবন অভিযানের আগেই আটক আন্দোলনকারী সুমন

এসএসসি নিয়োগ কেলেঙ্কারি নিয়ে রাজ্যজুড়ে চলা বিতর্কের মধ্যে অযোগ্য বা ‘দাগি’ শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। এই তালিকা প্রকাশের পর চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকরা নতুন করে ক্ষুব্ধ হয়েছেন। তাদের প্রশ্ন, কেন আবার নতুন করে পরীক্ষায় বসতে হবে? এই ক্ষোভ নিয়েই তারা ফের এসএসসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন।
অভিযানের আগেই পুলিশের বাধা
আন্দোলনের অন্যতম পরিচিত মুখ সুমন বিশ্বাস জানিয়েছেন, অভিযান শুরুর আগেই পুলিশ তাকে করুণাময়ী মেট্রো স্টেশন থেকে আটকানোর চেষ্টা করে। তিনি এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেখানে সুমন দাবি করেন, ফেসবুক লাইভ করার কারণে পুলিশ তাকে ছেড়ে দেয়।
সুমন বিশ্বাস আরও জানান, আদালতের নির্দেশে বলা হয়েছে পুলিশ তাকে গ্রেফতার করতে পারবে না এবং একটি প্রতিনিধি দল এসএসসির সঙ্গে দেখা করতে পারবে। তিনি বলেন, “করুণাময়ী থেকে অভিযান হবেই। পুলিশের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
আগের অভিযানেও একই ঘটনা
উল্লেখ্য, এর আগেও গত ১৮ আগস্ট এসএসসি ভবন অভিযানের সময় পুলিশ সুমন বিশ্বাসকে তার বাড়ি থেকে আটক করেছিল। সেসময় তাকে মগরা থানায় নিয়ে গিয়ে প্রায় ৮-৯ ঘন্টা আটকে রাখা হয়। তারপর তাকে ছেড়ে দেওয়া হয়। এই ধরনের ঘটনা বারবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে।