সামনে এল ‘লাবুবু ডলের’ রহস্য! কীভাবে রাতারাতি বিলিয়নিয়ার হলেন এর মালিক? জানুন তাহলে

সম্প্রতি বাজারে ‘লাবুবু’ নামে একটি চীনা পুতুল দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এই পুতুলটির তীক্ষ্ণ কান, দুষ্টু হাসি এবং গোল চোখ সবার নজর কেড়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউড ও হলিউডের তারকা, সবাই এই পুতুলটি কিনছেন এবং ফ্যাশন অনুষঙ্গ হিসেবে ব্যবহার করছেন। এখন এটি পপ সংস্কৃতির অংশ হয়ে উঠেছে।
পুতুলের জনপ্রিয়তায় ভাগ্য খুলল কোম্পানির
চীনের বিখ্যাত কোম্পানি পপ মার্টের তৈরি এই ছোট্ট পুতুলটি বিশ্বজুড়ে এতটাই আলোড়ন সৃষ্টি করেছে যে, এটি কোম্পানির সিইও ওয়াং নিং-এর ভাগ্য ফিরিয়ে দিয়েছে। ব্রিটেনে এই পুতুল কেনার জন্য ক্রেতারা নিজেদের মধ্যে মারামারি পর্যন্ত করেছেন। ফলে অনেক জায়গায় বিক্রি বন্ধ করে দিতে হয়েছে।
পপ মার্টের খেলনাগুলো সাধারণত ‘অন্ধ বাক্সে’ প্যাক করা থাকে, অর্থাৎ ক্রেতা জানেন না ভেতরে কোন পুতুল আছে। এই চমক এবং সংগ্রহের আগ্রহ মানুষকে আরও বেশি পুতুল কিনতে উৎসাহিত করে।
আলিবাবার জ্যাক মা-কেও ছাড়িয়ে গেলেন পুতুল বিক্রেতা
ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, লাবুবু পুতুলের রেকর্ড বিক্রি ওয়াং নিং-এর সম্পদ ব্যাপক হারে বাড়িয়ে দিয়েছে। বর্তমানে তার মোট সম্পদ ২৭.৫ বিলিয়ন ডলার, যা আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা-এর চেয়েও বেশি। এর ফলে তিনি চীনের শীর্ষ ১০ ধনী ব্যক্তির তালিকায় অষ্টম স্থানে চলে এসেছেন।
ওয়াং নিং-এর এই পুতুল আমেরিকাতেও ব্যাপক জনপ্রিয় হয়েছে। পপ মার্টের মোবাইল অ্যাপটি সেখানে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপগুলির মধ্যে একটি। মাত্র এক দিনের বিক্রি থেকে নিং-এর সম্পদ প্রায় ১.৬ বিলিয়ন ডলার বেড়েছে।