ইডি’র জালে বিধায়ক জীবনকৃষ্ণ, ২৩৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত! জানুন পুরো ঘটনা

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার প্রায় ২৩৮ কোটি টাকার সম্পত্তি ও নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার হওয়ার পর ইডি তার ও তার স্ত্রীর পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের নামেও বিপুল সম্পত্তির খোঁজ পেয়েছে। তদন্তকারীদের ধারণা, কমপক্ষে ৭৫ জন অযোগ্য চাকরিপ্রার্থীর টাকা জীবনকৃষ্ণের অ্যাকাউন্টে ঢুকেছিল।

কোথা থেকে এলো এই বিপুল সম্পত্তি?
ইডি সূত্রে খবর, জীবনকৃষ্ণ সাহা একাধিক ব্যক্তির নামে, তার আত্মীয়-স্বজনের নামে জমি, ফ্ল্যাট ও বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কালো টাকা বিনিয়োগ করেছেন। শুধু এই মামলাতেই মোট বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির পরিমাণ ৩৬৫ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

ইডি আরও জানিয়েছে, জীবনকৃষ্ণ অযোগ্য প্রার্থীদের কাছ থেকে টাকা তুলে নিজের এবং স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতেন। নথিপত্র অনুযায়ী, সাতজন প্রার্থীর কাছ থেকে তিনি ৪৬ লক্ষ টাকা নিয়েছিলেন। এর মধ্যে ২৬ লক্ষ টাকা তার স্ত্রী টগরী সাহার অ্যাকাউন্টে জমা পড়েছিল।

পরিবারের মধ্যে অশান্তি
দুর্নীতির টাকা বিভিন্ন সম্পত্তি কেনা এবং আত্মীয়দের নামে রাখা হয়েছে বলে ইডি অভিযোগ করেছে। এমনকী, তার বাবাও এই দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছেন, যার কারণে তাদের পারিবারিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে।

ইডি-র জেরায় জীবনকৃষ্ণ সাহা তদন্তে সহযোগিতা করছেন না বলেও অভিযোগ উঠেছে। তাকে গ্রেফতারের পর ইডি তার আত্মীয়দেরও জিজ্ঞাসাবাদ করেছে এবং তাদের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। কিন্তু তারা কেউই এই বিপুল সম্পত্তির উৎস সম্পর্কে কোনো সঠিক তথ্য দিতে পারেননি। এই মামলার তদন্ত এখনও চলছে।