“দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব, যদি মরেও যেতে হয়, অসুবিধা নেই”- চোখের কোণে জল নিয়ে বললেন সুমন

দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন, এমনকি যদি এর জন্য প্রাণও যায়, তবুও তিনি পিছু হটবেন না। সোমবার সকালে পুলিশের হাতে আটক হওয়ার পর এমনটাই জানালেন চাকরিহারা শিক্ষকদের নেতা সুমন বিশ্বাস।
আজ এসএসসি ভবন অভিযানের জন্য সুমন বিশ্বাস করুণাময়ী মেট্রো স্টেশনে নামতেই একজন লোক তাকে জাপটে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেখানে ধস্তাধস্তি শুরু হলে সুমন কোনোমতে পালিয়ে যান। এরপর পুলিশ তার সঙ্গে ‘লুকোচুরি’ খেলতে শুরু করে। সুমনের অভিযোগ, কোনো এফআইআর বা গ্রেফতারি পরোয়ানা ছাড়াই পুলিশ তাকে ধরার চেষ্টা করছে। তিনি বলেন, “আমাকে ঘুষি মারছে, কলার ধরেছে, মোবাইল ভেঙে দিয়েছে।” পরে এক পুলিশ কর্মকর্তা তাকে ডাকলে তিনি তার সঙ্গে যান।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সুমন জানান, তাকে সব সময় পুলিশের নজরদারিতে রাখা হয়েছে। তিনি অভিযোগ করেন, “আমার বাড়িতে শয়ে শয়ে পুলিশ দিয়ে রেখেছে। আমার পরিবার পর্যন্ত বের হতে পারে না।” তিনি বলেন, গতকাল ভরদুপুরে তিনি বাড়ি থেকে পালিয়ে এসেছেন। ১০ কিলোমিটার হেঁটে আসার পর সাইকেলে চড়ে বাকি পথ পার হয়েছেন। এরপর সারা রাত তিনি কলকাতার অলিতে গলিতে লুকিয়ে ছিলেন। কারণ, বাইরে বেরোলেই পুলিশ তাকে ধরে ফেলবে।
নিজের চাকরি হারানোর কষ্টের কথা বলতে গিয়ে সুমন আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, “আমার চাকরি চলে গেছে। অনেক কষ্টের চাকরি। আমি এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবই। এসএসসি ভবন অভিযানে যোগ দেবই। তাতে যদি মরে যাই, আজকেই হোক আমার জীবনের শেষ দিন।” তার এই মন্তব্য থেকে স্পষ্ট, তিনি কোনো বাধাই মানবেন না।