ফের নিম্নচাপের আশঙ্কা, পুজোর আগে কী ভাসবে বাংলা? জেনেনিন আবহাওয়ার রিপোর্ট

জুলাই ও আগস্ট মাস জুড়ে বৃষ্টির পর এবার আবার এক নিম্নচাপের খবর। পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা আগামী মঙ্গলবার নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে আবারও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া দফতর।
কোথায় কেমন বৃষ্টি হতে পারে?
আজ সোমবার আকাশ পরিষ্কার থাকলেও, মঙ্গলবার থেকে আবহাওয়া বদলাতে শুরু করবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এর প্রভাব বেশি পড়বে। পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া—এই সব জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এর সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
কলকাতার আশেপাশে, বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া সংলগ্ন এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে।
সতর্কতা জারি
নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা আছে। তাই মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পুজোর মুখে এই বৃষ্টির খবরে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এখন দেখার, এই নিম্নচাপ শেষ পর্যন্ত কতটা প্রভাব ফেলে।