আবারও পুলিশের বাঁধা! এসএসসি অভিযানে যোগ দিতে গিয়ে আটক চাকরিহারা সুমন

চাকরিহারা শিক্ষকদের এসএসসি (SSC) ভবন অভিযানে যোগ দিতে এসে এবার পুলিশের বাধার মুখে পড়লেন আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস। যদিও শেষ পর্যন্ত পুলিশ তাকে আটক করতে পারেনি। আজ সোমবার সকালে এই ঘটনা ঘটে করুণাময়ী মেট্রো স্টেশনে।

মেট্রো স্টেশনে উত্তেজনা
জানা গেছে, সুমন বিশ্বাস রবিবার রাতেই ব্যান্ডেল থেকে কলকাতায় এসেছিলেন। আজ সকালে তিনি করুণাময়ী মেট্রো স্টেশনে পৌঁছালে বিধাননগর নর্থ থানার কয়েকজন পুলিশ অফিসার তাকে আটকাতে যান। সেই সময় মেট্রো স্টেশনের ভেতরেই পুলিশের সঙ্গে তার বচসা শুরু হয়। সুমন বিশ্বাস ফেসবুক লাইভের মাধ্যমে পুরো ঘটনাটি তুলে ধরেন। তিনি বারবার বলতে থাকেন, পুলিশ তাকে বিনা কারণে আটক করার চেষ্টা করছে।

ভিডিওতে দেখা যায়, সাদা পোশাকের এক পুলিশ অফিসারকে প্রশ্ন করা হচ্ছে, কেন সুমন বিশ্বাসকে গ্রেফতার করা হচ্ছে? তিনি কি চোর না ডাকাত? কেন তাকে মেট্রোয় উঠতে বাধা দেওয়া হচ্ছে এবং তার কলার ধরে টানাটানি করা হচ্ছে?

আন্দোলন দমাতে পুলিশের তৎপরতা
এর আগে গত ১৮ অগাস্টও সুমন বিশ্বাসকে তার বাড়ি থেকে আটক করা হয়েছিল, যাতে তিনি এসএসসি অভিযানে যোগ দিতে না পারেন। তবে সেবারও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার পর সুমনরা বাড়িতে সিসিটিভি লাগিয়েছেন। তার ভাই জানিয়েছেন, আজ সকালে পুলিশ তাদের বাড়িতে হানা দিলেও সিসিটিভির কারণে ঢুকতে পারেনি।

আজ দুপুর ১২টা থেকে করুণাময়ী চত্বরে চাকরিহারা শিক্ষকদের এই অভিযান শুরু হওয়ার কথা। যদিও পুলিশ এই অভিযানের জন্য কোনো অনুমতি দেয়নি। এই পরিস্থিতিতেও সুমন বিশ্বাসকে আটকাতে পুলিশের এই তৎপরতা আন্দোলন দমানোর চেষ্টা হিসেবেই দেখছেন অনেকে।