অবশেষ গ্রেফতার কৃষ্ণনগরের ছাত্রী খুনের মূল অভিযুক্ত, কোথায় খোঁজ মিলল দেশরাজের?

কৃষ্ণনগরের কলেজ ছাত্রী ইশিতা মল্লিক খুনের ঘটনায় অবশেষে গ্রেফতার করা হলো মূল অভিযুক্ত দেশরাজ সিংকে। উত্তর প্রদেশের নেপাল সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এই নিয়ে এই ঘটনায় মোট দুজনকে গ্রেফতার করা হলো।
কীভাবে ধরা পড়ল দেশরাজ?
গত ২৫ অগাস্ট কৃষ্ণনগরে নিজের বাড়িতে ইশিতার মাথায় গুলি করে খুন করে দেশরাজ। ঘটনার পর থেকেই সে পলাতক ছিল। পুলিশের অনুমান ছিল, সে উত্তর প্রদেশের দেওরিয়ার বাড়িতে পালিয়ে গেছে। দেশরাজকে ধরতে পুলিশের একাধিক দল সেখানে হন্যে হয়ে খুঁজছিল। অবশেষে, উত্তর প্রদেশের নেপাল সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
পুলিশ সুপার কে অমরনাথ জানান, “ছাত্রীকে খুন করার পর থেকেই দেশরাজ সিং পালিয়ে বেড়াচ্ছিল। বিভিন্ন সূত্র থেকে খবর পেয়ে আমরা উত্তর প্রদেশের নেপাল সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করি।”
এর আগে এই মামলার সূত্র ধরে দেশরাজের মামা কুলদীপ সিংকে গুজরাতের জামনগর থেকে গ্রেফতার করা হয়েছিল। এবার মূল অভিযুক্তকে ধরা সম্ভব হওয়ায় এই মামলার তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। দেশরাজকে ট্রানজিট রিমান্ডে কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় আনা হয়েছে এবং আজই তাকে আদালতে তোলা হবে।