অবশেষে ইশিতা খুনে বড় সাফল্য পেল পুলিশ! ধরা পড়ল দেশরাজ, কীভাবে তার খোঁজ পেল পুলিশ?

কৃষ্ণনগরের কলেজ ছাত্রী খুনের ঘটনায় অবশেষে বড় সাফল্য পেল পুলিশ। ঘটনার মূল অভিযুক্ত দেশরাজ সিংকে উত্তর প্রদেশ-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে। গত সাত দিন ধরে পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছিল।

দেশরাজকে ধরা মোটেই সহজ ছিল না। নদিয়া জেলার পুলিশ তিনটি দলে ভাগ হয়ে উত্তর প্রদেশে তল্লাশি চালায়। পুলিশ দেশরাজের শেষ ফোনের লোকেশন এবং তার পারিবারিক ঠিকানার উপর ভিত্তি করে এই তল্লাশি শুরু করে। দেশরাজের পরিবারের সদস্যরা উত্তর প্রদেশের বাসিন্দা। তার বাবা একজন বিএসএফ জওয়ান।

পুলিশ সূত্রে জানা গেছে, দেশরাজ এই ঘটনার জন্য আগে থেকেই পরিকল্পনা করেছিল। ইশিতাকে গুলি করে খুন করার আগেই সে উত্তর প্রদেশ যাওয়ার ট্রেনের টিকিট কেটে রেখেছিল। ঘটনার পর সে সেই ট্রেনে করেই রাজ্য ছেড়ে পালায়।

পুলিশ দেশরাজের বাড়ি উত্তর প্রদেশে পৌঁছলেও তাকে পায়নি। তবে তার ভাই নীতীন প্রতাপ সিংকে সেখান থেকে আটক করা হয়। নীতীনের ফোন ঘেঁটে দেশরাজের মামা কুলদীপ সিং-এর সন্ধান মেলে। কুলদীপকে গুজরাট থেকে গ্রেফতার করা হয়। মামাকে জেরা করার পর দেশরাজের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পায় পুলিশ।

সেই তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত নেপাল সীমান্তে পৌঁছে যায় এবং দেশরাজকে গ্রেফতার করে। জানা গেছে, নেপাল থেকে তার অন্য কোথাও পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। এই গ্রেফতারির ফলে কৃষ্ণনগরের চাঞ্চল্যকর খুনের ঘটনার রহস্যের সমাধান হলো।