বাতিল ২ হাজারেরও বেশি অ্যাডমিট কার্ড, পিছিয়ে যাবে কী পরীক্ষা? SSC অভিযান মিছিল যোগ্য চাকরিহারাদের

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য স্কুল সার্ভিস কমিশন (SSC) অবশেষে প্রায় ১৮০৬ জন অযোগ্য বা ‘দাগি’ শিক্ষকের তালিকা প্রকাশ করেছে। কিন্তু এতেও ক্ষোভ কমছে না। চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকরা বলছেন, তালিকা প্রকাশ মানেই সমস্যার সমাধান নয়। আজ দুপুরে তাঁরা করুণাময়ী থেকে এসএসসির (SSC) দফতর পর্যন্ত মিছিল করবেন, যাতে তাঁদের চাকরি দ্রুত ফিরিয়ে দেওয়া হয়।
আন্দোলনের কারণ কী?
এসএসসি যখন এই তালিকা প্রকাশ করেছে, তখন যোগ্য চাকরিহারাদের মনে একটিই প্রশ্ন— অযোগ্যদের নাম যখন সামনে এল, তখন কেন যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে না? দীর্ঘ দুই বছর ধরে এই আন্দোলনের সঙ্গে যুক্ত চিন্ময় মণ্ডল বলেন, “আগে আমাদের কথা কেউ শোনেনি। সুপ্রিম কোর্টের নির্দেশের পর তালিকা প্রকাশ করতে বাধ্য হলো। এখন আর কোনো অজুহাত নেই।” আরেক চাকরিহারা শিক্ষক মেহবুব মণ্ডল বলেছেন, “সিবিআই রিপোর্ট এবং এই তালিকার পর এখন পরিষ্কার কে যোগ্য আর কে অযোগ্য। তাই আমাদের চাকরি অবিলম্বে ফিরিয়ে দেওয়া উচিত।”
তালিকা ঘিরে নতুন বিতর্ক
এসএসসি-র প্রকাশিত এই তালিকায় শাসকদল ঘনিষ্ঠদের একাধিক নাম পাওয়া গেছে। এর মধ্যে রয়েছেন পানিহাটির তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ, প্রিয়ঙ্কা মণ্ডল এবং পিংলার তৃণমূল নেতা অজয় মাঝি-সহ আরও অনেকে। এই রাজনৈতিক যোগের কারণে আন্দোলন আরও জোরালো হয়েছে। যোগ্য প্রার্থীদের অভিযোগ, যখন তারা চাকরি হারিয়েছেন, তখন প্রভাবশালীরা বছরের পর বছর ধরে বেতন পেয়েছেন।
এই পরিস্থিতিতে চাকরিহারা যোগ্য শিক্ষকরা দাবি করছেন, অবিলম্বে তাঁদের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ জারি করতে হবে। তাঁদের এই আন্দোলনের মূল লক্ষ্য হলো, অযোগ্যদের সরিয়ে যোগ্যদের পুনর্বহাল করা।