অবশেষে খোঁজ মিলল কৃষ্ণনগর খুনের মূল অভিযুক্তের, নেপাল সীমান্ত থেকে গ্রেফতার দেশরাজ!

কৃষ্ণনগরের কলেজ ছাত্রী ইশিতা খুনের ঘটনায় অবশেষে গ্রেফতার করা হলো মূল অভিযুক্ত দেশরাজ সিং-কে। ঘটনার পর থেকেই পলাতক ছিল দেশরাজ। তাকে ধরতে পুলিশ টানা সাত দিন ধরে তল্লাশি চালায়। শেষ পর্যন্ত উত্তর প্রদেশের নেপাল সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

যেভাবে ধরা পড়লো দেশরাজ
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই দেশরাজ উত্তর প্রদেশে তার পরিবারের কাছে পালিয়ে যায়। পুলিশের তিনটি দল তার খোঁজে সেখানে গিয়েছিল। পুলিশের অনুমান ছিল, সে উত্তর প্রদেশ দিয়ে নেপালে পালিয়ে যেতে পারে। ঠিক সেই মতোই তল্লাশি চালানোর পর নেপাল সীমান্ত থেকেই তাকে ধরা হয়েছে। তাকে ট্রানজিট রিমান্ডে কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় আনা হয়েছে এবং আদালতে পেশ করা হবে।

মামা-র সূত্র ধরে গ্রেফতার
যদিও পুলিশ এই বিষয়ে এখনও কিছু জানায়নি, তবে সূত্র থেকে খবর পাওয়া গেছে যে, দেশরাজের মামা কুলদীপ সিংকে আগেই গুজরাটের জামনগর থেকে গ্রেফতার করা হয়েছিল। দেশরাজ খুনের পর প্রথম তাকেই ফোন করেছিল। সেই সূত্র ধরেই পুলিশ কুলদীপ সিংকে গ্রেফতার করে এবং তাকে জেরা করেই দেশরাজের খোঁজ পায়।

খুনের নেপথ্যে কী?
প্রাথমিকভাবে পুলিশ মনে করছে যে, প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার কারণেই প্রতিহিংসার বশে দেশরাজ এই খুন করেছে। ঘটনার কয়েকদিন আগে দেশরাজ একটি ভিডিও শুট করে ইশিতাকে পাঠিয়েছিল, যেখানে সে আত্মহত্যার চেষ্টা করছে এমনটা দেখানো হয়েছিল। কিন্তু সেই ভিডিও দেখেও ইশিতা সম্পর্ক রাখতে রাজি হয়নি। পুলিশ এখন দেশরাজকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দেখবে এই খুনের পেছনে আর কারোর হাত ছিল কিনা।