পুজোর আগেই সুখবর, কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম! মুখে হাসি মধ্যবিত্তদের

দুর্গাপুজোর আগে স্বস্তি পেলেন ব্যবসায়ী মহল। কেন্দ্রীয় তেল সংস্থাগুলি সেপ্টেম্বর মাসের শুরুতেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়ে দিয়েছে। ১ সেপ্টেম্বর থেকে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৫১ টাকা পর্যন্ত কমানো হয়েছে। তবে, সাধারণ গৃহস্থালির রান্নার গ্যাসের দামে কোনো পরিবর্তন হয়নি।

কোথায় কত কমলো?
কলকাতায়: ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রায় ৫০.৫০ টাকা কমে ১,৬৩৪ টাকায় দাঁড়িয়েছে। গত মাসে এই দাম ছিল ১,৭৩৪.৫০ টাকা। মার্চ মাস থেকে দাম কমতে থাকায় এখন এই সিলিন্ডার বেশ কিছুটা সস্তা হয়েছে।

দিল্লিতে: নতুন দাম কমে হয়েছে ১,৫৮০ টাকা।

মুম্বাইয়ে: দাম দাঁড়িয়েছে ১,৫৩১.৫০ টাকা।

চেন্নাইয়ে: নতুন দাম ১,৭৩৮ টাকা।

কাদের জন্য এই স্বস্তি?
এই দাম কমার ফলে মূলত হোটেল, রেস্তোরাঁ, বেকারি এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিকরা উপকৃত হবেন। উৎসবের মরসুমে খাবারের দাম বৃদ্ধি পাবে না বলে মনে করা হচ্ছে, যা সাধারণ মানুষের জন্যও একটি স্বস্তির খবর।

অন্যদিকে, ১৪.২ কেজির গৃহস্থালি রান্নার গ্যাসের দামে কোনো পরিবর্তন আসেনি। এই দাম গত ৮ এপ্রিল থেকে একই আছে। কলকাতার মতো বড় শহরে বর্তমানে ভর্তুকিহীন ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ৮৭৯ টাকা।

টানা তিন মাস ধরে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হচ্ছে। জুলাই মাসে দাম কমেছিল ৫৮.৫০ টাকা, আগস্টে ৩৩.৫০ টাকা এবং সেপ্টেম্বরে ৫১ টাকা পর্যন্ত। যদিও সাধারণ মানুষের অনেকেই মনে করছেন, তাদের দৈনন্দিন খরচের প্রধান অংশ গৃহস্থালি গ্যাস সিলিন্ডারেই হয়, তাই সরকারের উচিত এই সিলিন্ডারের দামও কমানো।