পুতিনকে দেখা মাত্রই যা করলেন শেহবাজ শরিফ! SCO Summit-এ সকলের ‘হাসির খোরাক’ হল পাকিস্তান

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর শীর্ষ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের একটি কাজ এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে। অন্য রাষ্ট্রনেতাদের সামনে তার অদ্ভুত আচরণ দেখে সামাজিক মাধ্যমে হাসাহাসি শুরু হয়েছে।

ঘটনাটি ঘটেছে সম্মেলনের ফোটোসেশনের পর। ফোটোসেশন শেষ হতেই দেখা যায়, অন্যান্য রাষ্ট্রনেতারা যখন শান্তভাবে নিজেদের জায়গায় দাঁড়িয়ে আছেন, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ হঠাৎ করেই দৌড়ে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিকে, তার সঙ্গে হাত মেলানোর জন্য।

এই ঘটনার একটি ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে কথা বলছিলেন। সেই সময় শেহবাজ শরিফ পেছন থেকে ছুটে গিয়ে পুতিনের হাত ধরেন। এই দৃশ্য দেখে শি জিনপিং সঙ্গে সঙ্গে অন্যদিকে মুখ ফিরিয়ে নেন।

অনেকেই শেহবাজ শরিফের এই আচরণকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন। তারা বলছেন, একজন প্রধানমন্ত্রীর এমন বেপরোয়া আচরণ একেবারেই প্রত্যাশিত নয়।

এটিই প্রথমবার নয়, এর আগেও শেহবাজ শরিফ আন্তর্জাতিক মঞ্চে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। ২০২২ সালের এসসিও সম্মেলনে পুতিনের সঙ্গে তার একটি দ্বিপাক্ষিক বৈঠকের সময় বারবার তার কান থেকে অনুবাদ যন্ত্রটি খুলে পড়ছিল। সেই সময় পুতিনও হেসে ফেলেছিলেন।

এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে একজন রাষ্ট্রনেতার এমন আচরণকে অনেকেই ‘মনোযোগ আকর্ষণের চেষ্টা’ বলে সমালোচনা করছেন।