ফের নিম্নচাপের ফাঁড়া বাংলায়! তুমুল বৃষ্টিতে ভাসবে এই ৯ জেলা, হাওয়া অফিসের আপডেট জেনেনিন

পুজোর আগে বাংলার কপালে চিন্তার ভাঁজ ফেলছে আবহাওয়া। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে আগামী কয়েক দিন রাজ্যের দুই বঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে। বিশেষ করে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

পুজোর মুখে নিম্নচাপের ভ্রূকুটি
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, উত্তর ওড়িশা উপকূল এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে মঙ্গলবার, ২ সেপ্টেম্বর থেকে আগামী তিন দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া জেলায় এই বৃষ্টি হতে পারে। এছাড়াও, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এবং ঝাড়গ্রাম জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এই সময়ে উপকূলবর্তী জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বুধবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার মালদা এবং দুই দিনাজপুরে বেশি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।

কলকাতার আবহাওয়া
কলকাতায় আজ সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকলেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। এতে অস্বস্তি কিছুটা কমবে। তবে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।