“কোনও কোনও দেশ সন্ত্রাস চালিয়ে যাচ্ছে”-পাকিস্তানের শরিফের সামনেই পহেলগাঁও ইস্যু তুললেন মোদী

‘অপারেশন সিঁদুর’-এর পর এই প্রথমবার ভারত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী এক মঞ্চে এলেন। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনের প্রথম দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ একই সারিতে দাঁড়িয়ে ছবি তুলেছেন। তবে এই দুই নেতার মধ্যে কোনও কথা হয়নি। এমনকি, ছবি তোলার সময়ও মোদী শেহবাজের দিকে তাকাননি।

ভিডিও ফুটেজে দেখা যায়, প্রধানমন্ত্রী মোদী রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলতে বলতে সামনে এগিয়ে যান। সে সময় শেহবাজ শরিফ পাশেই দাঁড়িয়ে থাকলেও মোদী তাকে এড়িয়ে যান।

সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা মোদীর
সম্মেলনে দেওয়া ভাষণে মোদী সন্ত্রাসবাদের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “গত ৪০ বছর ধরে ভারত সন্ত্রাসবাদের ভয়াবহতা বহন করে আসছে। সম্প্রতি পহেলগাঁওয়ে আমরা সন্ত্রাসবাদের সবচেয়ে খারাপ রূপ দেখেছি। এই দুঃখের মুহূর্তে যে বন্ধু দেশগুলো আমাদের পাশে দাঁড়িয়েছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।”

এই সম্মেলনে উপস্থিত ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, ইরানের প্রেসিডেন্ট পেজেস্কিয়ান এবং উত্তর কোরিয়ার শাসক কিম জন উন। বিভিন্ন দেশের প্রধানরাও অতিথি ও পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ পেয়েছেন।

ব্যাঙ্কোয়েটে মোদী-শেহবাজের দূরত্ব
সম্মেলনের প্রথম দিন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং অতিথিদের জন্য একটি ব্যাঙ্কোয়েটের আয়োজন করেন। সেখানেই ছবি তোলার সময় মোদী-শেহবাজ মুখোমুখি হন। একই সারিতে ছিলেন পুতিন, জিনপিং, মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। উল্লেখ্য, মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক সম্প্রতি কিছুটা উত্তেজনার মধ্যে দিয়ে গেছে এবং তুরস্ক ‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তানকে সমর্থন করেছিল। এই পরিস্থিতিতে মোদী এবং শেহবাজের এই মুখোমুখি হওয়া কূটনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ।