“বহিরাগতের হস্তক্ষেপ মানব না”-নয়া জোটের স্পষ্ট ইঙ্গিত দিলেন চীন প্রেসিডেন্ট জিনপিং

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলন শুরু হতেই আলোচনার কেন্দ্রে চলে এলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। উদ্বোধনী ভাষণে তিনি কোনও দেশের নাম না করেই, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির কড়া সমালোচনা করলেন। জিনপিং বলেন, বিশ্বে এখন যে ‘দাদাগিরি’ বা ‘বুলিং বিহেভিয়ার’ চলছে, তা বন্ধ হওয়া উচিত। তিনি সব দেশের মধ্যে সহযোগিতা, স্বচ্ছতা এবং ন্যায়বিচারের পক্ষে কথা বলেন।

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, জিনপিং মূলত ট্রাম্পের ‘ট্যারিফ’ নীতি এবং আমেরিকার একতরফা বাণিজ্যিক আচরণের দিকেই ইঙ্গিত করেছেন। জিনপিং বলেন, “আধিপত্যবাদ এবং ক্ষমতার রাজনীতি চলবে না। আমাদের সবাইকে ন্যায়বিচার এবং বহুত্ববাদ প্রতিষ্ঠা করতে হবে।”

তিনি আরও বলেন, বিশ্বে এখন এক ধরনের অস্থিরতা চলছে। এরপরই তিনি কার্যত আমেরিকাকে উদ্দেশ্য করে বলেন, “এই তাচ্ছিল্যের আচরণ আমরা মানব না। কোনো বাইরের শক্তি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না। আমরা এর তীব্র বিরোধিতা করব। প্রতিটি দেশের নিজস্ব উন্নয়নের অধিকার রক্ষা করা উচিত।”

চিনের তিয়ানজিন শহরে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনের মূল লক্ষ্য হলো ‘গ্লোবাল সাউথ সলিডারিটি’ বা উন্নয়নশীল দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো। চিন চায়, পশ্চিমা দেশগুলোর বিকল্প হিসেবে SCO আরও শক্তিশালী হোক। শি জিনপিং বলেন, SCO এক নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্ক তৈরি করছে। ট্রাম্পের নীতির বিরুদ্ধে তার এই বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।