‘শনিবারের মধ্যেই দাগি অযোগ্যদের তালিকা প্রকাশের সম্ভাবনা’, সুপ্রিম কোর্টে জানালেন রাজ্যের আইনজীবী

স্কুল সার্ভিস কমিশন (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় এবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিল, কোনো চিহ্নিত দুর্নীতিগ্রস্ত (tainted candidate) ব্যক্তি এসএসসি পরীক্ষায় বসতে পারবে না। এমনকি, যদি কোনোভাবে তারা অ্যাডমিট কার্ড পেয়েও যায়, তাহলেও তাদের পরীক্ষা বাতিল করা হবে। শুক্রবার শুনানির সময় রাজ্যের হয়ে সওয়াল করতে গিয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই কথাগুলো আদালতে রেকর্ড করিয়েছেন।

কিছু চাকরিপ্রার্থী আগামী ৭ সেপ্টেম্বরের পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। তাদের অভিযোগ, এখনও অনেক অযোগ্য প্রার্থী এই পরীক্ষায় বসছেন। গতকালের পর আজও এই মামলার শুনানি চলছিল।

শুনানির সময় রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “যদি কোনো চিহ্নিত দুর্নীতিগ্রস্ত ব্যক্তি ভুল করে অ্যাডমিট কার্ড পেয়েও যায়, তাহলে তার পরীক্ষা বাতিল করা হবে। এমনকি, পরীক্ষার পর ধরা পড়লেও তাকে বাদ দেওয়া হবে।” তিনি অন্যান্য আইনজীবীদের কাছে আবেদন করেন যে, যদি তারা এমন কোনো প্রার্থীর খবর পান, তাহলে যেন রাজ্য সরকারের কাছে চিঠি লিখে জানান।

বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্য রেকর্ড করিয়ে বলেন, “আমাদের উপর ভরসা রাখুন।” এরপর তিনি জানান, শনিবারের মধ্যেই চিহ্নিত দুর্নীতিগ্রস্তদের একটি তালিকা প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে।

সুপ্রিম কোর্ট আরও নির্দেশ দিয়েছে যে, যে সব যোগ্য প্রার্থী আবেদন জমা দিতে পারেননি, তারা ২ সেপ্টেম্বরের মধ্যে সরাসরি গিয়ে হার্ডকপি জমা দিতে পারবেন। আদালত পরপর দু’দিন পরীক্ষা স্থগিতের আবেদন খারিজ করে দিয়েছে।