‘স্তন ছোট’ বলে কটাক্ষ! সুভাষ ঘাইয়ের বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী নীনা গুপ্তা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নীনা গুপ্তা তার ব্যক্তিগত জীবন নিয়ে যেমন সব সময় আলোচনার কেন্দ্রে থাকেন, তেমনি তার কেরিয়ারেও অনেক অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলিউডের বিখ্যাত পরিচালক সুভাষ ঘাইয়ের বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ তুলেছেন, যা শুনে অনেকেই অবাক হয়েছেন।
নীনা গুপ্তা জানিয়েছেন, ১৯৯৩ সালে মুক্তি পাওয়া ছবি ‘খলনায়ক’-এর শুটিংয়ের সময় এই ঘটনাটি ঘটে। এই ছবিতে মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত ও জ্যাকি শ্রফ অভিনয় করেছিলেন এবং ‘চোলি কে পিছে ক্যয়া হ্যায়’ গানটি খুবই জনপ্রিয় হয়েছিল। এই গানের আইটেম নম্বরে মাধুরীর সঙ্গে নীনা গুপ্তাও পারফর্ম করেছিলেন।
নীনা বলেন, “শুটিং শুরুর আগে যখন নাচের মহড়া চলছিল, সুভাষ ঘাই আমাকে আলাদা করে একটি ঘরে ডাকেন। সেখানে তিনি আমাকে বলেন, ‘ক্যামেরায় দেখলাম, তোমার স্তন খুব ছোটো। এতে আমার কাজ হবে না। স্তন বড় দেখানোর জন্য তোমাকে অতিরিক্ত প্যাড ব্যবহার করতে হবে, নাহলে এই আইটেম থেকে সরে যেতে হবে।’ আমি অবাক হয়েছিলাম, কিন্তু নিজেকে সামলে নিয়েছিলাম।”
তবে সবচেয়ে খারাপ অভিজ্ঞতা হয়েছিল যখন সুভাষ ঘাই সবার সামনে একই মন্তব্য করেন। নীনা জানান, “গোটা শুটিং ফ্লোরের সামনে তিনি একই কথা বলেন। তখন আমি নিজেকে ধরে রাখতে পারিনি, সবার সামনে কেঁদে ফেলেছিলাম। পরে বাধ্য হয়ে আমাকে অতিরিক্ত প্যাড পরে শুটিং করতে হয়েছিল।”
এই ঘটনার কথা শুনে অনেকেই অবাক হয়েছেন। নীনা গুপ্তার এই মন্তব্য বলিউডে তারকাদের নানা অপ্রীতিকর অভিজ্ঞতার কথা আরও একবার সামনে আনল।