মুখ ভার আকাশের! ২-৩ ঘণ্টার মধ্যেই বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি, কতদিন চলবে?

দুর্গাপূজা প্রায় দোরগোড়ায়। কিন্তু আকাশের মন এখনও মেঘে ঢাকা। একদিকে রোদ, আবার কিছুক্ষণ পরেই ঝমঝমিয়ে বৃষ্টি। এই খামখেয়ালি আবহাওয়ার কারণে অনেকের মনেই প্রশ্ন, তবে কি এই বছরও পুজোয় বৃষ্টি হবে?

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই মুহূর্তে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি সহজে থামবে না। অন্যদিকে, দক্ষিণবঙ্গে আপাতত কিছুটা স্বস্তির খবর রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে এখনও হলুদ সতর্কতা জারি আছে। আজ, ২৯ অগস্ট, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং উত্তর দিনাজপুরের কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি এখন ছত্তীসগঢ়ে চলে গেলেও, এর প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে আবহাওয়া কিছুটা ভালো থাকবে বলে আশা করা যায়। আজ, পশ্চিম ও পূর্ব মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই দুটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার থাকতে পারে।

কলকাতার আকাশ আজ হালকা মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।