‘বাঙালির ওপর অত্যাচার করছে বিজেপি’, বাংলা ও বাঙালির অস্মিতা নিয়ে আবারও সরব ফিরহাদ হাকিম

ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্তা করার অভিযোগ নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে। এর মধ্যেই রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেছেন। তিনি বলেন, বিজেপি বাংলায় বারবার হেরে যাচ্ছে, তাই এখন বাঙালির উপর রাগ দেখাচ্ছে এবং নিরীহ মানুষকে হেনস্তা করছে।
হুগলির চণ্ডীতলায় একটি সরকারি কর্মসূচিতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো সাধারণ মানুষের জন্য, কিন্তু বিজেপি তা বুঝতে পারে না। তারা দেশটাকে গোল্লায় পাঠিয়েছে।” তিনি আরও বলেন যে বিজেপি বাংলায় বারবার পরাজিত হয়েছে, তাই এখন তারা বাঙালির উপর অত্যাচার করছে।
তিনি বিজেপি নেতাদের কটাক্ষ করে বলেন, “কখনো দাড়িওয়ালা, কখনো মোটা ভাই…সবাই এসে মুখ থুবড়ে পড়েছে। তাই বাঙালির উপর খুব রাগ। এখানে লড়াই করে পারবে না, তাই বাংলার নিরীহ মানুষদের ওপর অত্যাচার করছে।”
ভিন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে ‘পুশ ব্যাক’ করা নিয়েও ফিরহাদ হাকিম প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “যদি মনে হয় কেউ বাংলাদেশি, তার জন্য আদালত আছে। বিএসএফের (BSF) কী অধিকার আছে পুশ ব্যাক করার? আদালতের নির্দেশ ছাড়া কেন এসব করা হচ্ছে?”
তিনি মালদহের এক শ্রমিককে বাংলাদেশ ‘পুশ ব্যাক’ করার ঘটনা উল্লেখ করে বলেন যে হাইকোর্টের নির্দেশে সেই শ্রমিককে পরে ফিরিয়ে আনা হয়েছে। ফিরহাদ হাকিম এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “বাংলার উপর অত্যাচার করা হচ্ছে, জল বন্ধ করে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদ বাংলায় হচ্ছে।”
ফিরহাদের এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে, আগামী নির্বাচনে ‘বাঙালি অস্মিতা’ ইস্যুটি তৃণমূলের অন্যতম প্রধান হাতিয়ার হতে চলেছে।