আরজি কর ধর্ষণ ও হত্যা মামলা! সরে দাঁড়ালেন বিচারপতি, কিন্তু কেন?

আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে গণধর্ষণ এবং খুনের মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এই মামলার নতুন আবেদনগুলি এখন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে পাঠানো হয়েছে।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, যেহেতু এই মামলার সঙ্গে সম্পর্কিত আরও দুটি আবেদন ইতিমধ্যেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারাধীন, তাই এই নতুন আবেদনটিও সেখানেই শোনা উচিত। সিবিআই এবং সাজাপ্রাপ্ত আসামি উভয়েই আলাদা করে নতুন মামলা করেছে, এবং সেগুলির শুনানি বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চে চলছে। এই কারণে একই বিষয় সিঙ্গেল বেঞ্চে না শুনে ডিভিশন বেঞ্চে পাঠানো হয়েছে।

নির্যাতিতার বাবা-মা সিবিআই-এর তদন্তে সন্তুষ্ট নন। গত ডিসেম্বরে তারা কলকাতা হাইকোর্টে একটি নতুন মামলা দায়ের করে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে নতুন করে তদন্তের আবেদন জানিয়েছিলেন। তাদের অভিযোগ, সিবিআই সঠিক তদন্ত করছে না। সেই মামলাটি এতদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ছিল। এছাড়াও, তারা ঘটনাস্থল আবারও পরিদর্শন করার জন্য আবেদন করেছিলেন, যা নিম্ন আদালত খারিজ করে দিয়েছিল। এই সমস্ত আবেদন এখন ডিভিশন বেঞ্চে পাঠানো হয়েছে।

এখন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে, এবং সেখানেই সিদ্ধান্ত হবে নতুন করে তদন্ত হবে কি না।