মাথায় ছাদ নেই, দু’বেলা জোটে না খাবার! তবুও ৫৫ বছর বয়সে ১৭তম সন্তানের জন্ম দিলেন প্রৌঢ়া

রাজস্থানের উদয়পুরে এক ৫৫ বছর বয়সী গৃহহীন নারী তার ১৭তম সন্তানের জন্ম দিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন। রেখা কালবেলিয়া ও তার স্বামী কাভারা রাম কালবেলিয়া অত্যন্ত গরিব। তাদের না আছে কোনো স্থায়ী বাড়ি, না আছে দুই বেলা পেট ভরে খাওয়ার মতো খাবার। ভিক্ষা করে তাদের জীবন চলে। এই চরম আর্থিক কষ্টের মধ্যেই তারা ১৭ সন্তানের জন্ম দিয়েছেন।

সম্প্রতি রেখা তার নবজাতক সন্তানকে নিয়ে যখন হাসপাতালে যান, তখন সেখানকার চিকিৎসক ও নার্সরা হতবাক হয়ে যান। প্রথমে তারা মনে করেছিলেন এটি তার চতুর্থ সন্তান, কিন্তু পরে জানতে পারেন যে এটি রেখার ১৭তম সন্তান। এই ঘটনার পর হাসপাতালের চিকিৎসক রোশন ডারাঙ্গি বলেন, “এই বয়সে এতবার গর্ভবতী হওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ঝুঁকিপূর্ণ। এতে অতিরিক্ত রক্তপাতের কারণে মায়ের মৃত্যুও হতে পারে। ”

রেখা ও কাভারার ১৭টি সন্তানের মধ্যে ৫ জনের জন্ম পরই মৃত্যু হয়েছে। বর্তমানে তাদের মোট ১২ জন জীবিত সন্তান আছে, যাদের মধ্যে সাতজন ছেলে এবং পাঁচজন মেয়ে। তাদের বড় ছেলেমেয়েদেরও বিয়ে হয়ে গেছে এবং তাদের সন্তানও রয়েছে। অর্থাৎ, নতুন সন্তানের জন্ম দেওয়ার আগেই রেখা দিদিমা হয়ে গিয়েছিলেন।

কাভারা জানিয়েছেন যে তাদের দিন চলে ভাঙা জিনিসপত্র সারাই করে এবং পুরনো জিনিস কুড়িয়ে। দারিদ্র্যের কারণে তাদের কোনো সন্তানই স্কুলে যেতে পারে না। তাদের এক মেয়ে, শিলা কালবেলিয়া বলেন, “আমার মায়ের এত সন্তান শুনে সবাই অবাক হয়। আমাদের রোজ অনেক সমস্যার মুখোমুখি হতে হয়।”