জলপাইগুড়িতে গণেশ পুজোয় ১০৩ কেজির লাড্ডু! তৈরি করতে গিয়ে রীতিমতো হিমশিম খেলেন কারিগররাও

এবারের গণেশ পুজোয় চমক দিল জলপাইগুড়ির পাণ্ডা পাড়া যুবশক্তি ক্লাব। গণেশকে বরণ করার জন্য তারা তৈরি করেছিল ১০৩ কেজি ওজনের একটি বিশালাকার লাড্ডু। এর আগে ১০১ কেজির লাড্ডু তৈরি হলেও, এই প্রথম ১০৩ কেজির লাড্ডু দিয়ে পুজো করা হলো।

পাণ্ডা পাড়া যুবশক্তি ক্লাবের এটি তৃতীয় বর্ষের গণেশ পুজো। ক্লাবের সদস্যরা জানিয়েছেন, যেহেতু পুজো তৃতীয় বছরে পা দিয়েছে, তাই লাড্ডুর ওজনও ১০৩ কেজি করা হয়েছে। বিশাল গণেশ প্রতিমার সঙ্গে এই সুবিশাল লাড্ডু দেখতে প্রচুর মানুষের ভিড় জমেছিল।

এই লাড্ডুটি তৈরি করতে কারিগরদের রীতিমতো হিমশিম খেতে হয়েছে। তিন দিন ধরে কাজু, কিশমিশসহ নানা উপাদান দিয়ে ঘিয়ে ভাজা এই লাড্ডু তৈরি করা হয়। পুজো শেষে এই বিশাল লাড্ডু ভক্তদের মধ্যে বিতরণ করা হয়।

গোটা দেশের মতো জলপাইগুড়িতেও গত কয়েক বছর ধরে বড় আকারে গণেশ পুজো হচ্ছে। তার মধ্যে পাণ্ডা পাড়া যুবশক্তি ক্লাবের এই আয়োজন সবার নজর কেড়েছে।