সব ক্লাবকে অনুদান দেওয়া যাবে না, দুর্গা পূজার অনুদান নিয়ে বড় নির্দেশ দিল হাইকোর্ট

দুর্গাপূজার অনুদান নিয়ে কলকাতা হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। আদালত স্পষ্ট জানিয়েছে যে, গত বছর যেসব পুজো কমিটি অনুদানের খরচের হিসাব দেয়নি, তাদের এবার অনুদান দেওয়া হবে না।

রাজ্য সরকার গত কয়েক বছর ধরে দুর্গাপূজার জন্য বিভিন্ন ক্লাবকে অনুদান দিচ্ছে। গত বছর এই অনুদানের পরিমাণ ছিল প্রতি ক্লাব পিছু ৮৫,০০০ টাকা, যা এবার বেড়ে ১ লাখ ১০ হাজার টাকা হয়েছে। তবে এই অনুদান নিয়ে প্রথম থেকেই প্রশ্ন ছিল যে, ক্লাবগুলো এই সরকারি টাকার সঠিক হিসাব দিচ্ছে কি না।

বুধবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-এর ডিভিশন বেঞ্চ এই বিষয়ে কড়া অবস্থান নিয়েছে। আদালত জানিয়েছে, “সরকারি টাকা এভাবে যথেচ্ছভাবে খরচ করা যায় না।” এই নির্দেশের ফলে যে ক্লাবগুলো গত বছরের অনুদানের খরচের হিসাব জমা দেবে, শুধু তারাই এবার অনুদান পাবে।

আদালত ক্লাবগুলোকে হিসাব জমা দেওয়ার জন্য এক মাসের সময় দিয়েছে। এই এক মাসের মধ্যে যে ক্লাবগুলো হিসাব দেবে, তারাই অনুদান পাবে। তবে যেসব নতুন ক্লাব এই বছর অনুদান পেতে চলেছে, তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। শুধুমাত্র গত বছর অনুদান পাওয়া ক্লাবগুলোকেই এই হিসাব দিতে হবে।