শাহরুখ-দীপিকার বিরুদ্ধে দায়ের হল FIR, কী করেছেন বলিউডের এই দুই তারকা?

বলিউড তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন এবং গাড়ি নির্মাতা সংস্থা হুন্ডাই-এর ছয় কর্মকর্তার বিরুদ্ধে রাজস্থানের ভরতপুরে একটি এফআইআর দায়ের করা হয়েছে। ভরতপুরের বাসিন্দা কীর্তি সিং নামের এক ব্যক্তি এই অভিযোগ দায়ের করেছেন।
কীর্তি সিং ২০২২ সালের জুন মাসে একটি হুন্ডাই আলকাজার গাড়ি কিনেছিলেন। তাঁর অভিযোগ, কয়েক মাসের মধ্যেই গাড়িতে নানা ধরনের প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। তিনি বারবার কোম্পানির কাছে অভিযোগ জানালেও সমস্যার কোনো সমাধান হয়নি। এরপরেই তিনি থানায় অভিযোগ করেন।
তিনি তাঁর অভিযোগে জানিয়েছেন, শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন এই ত্রুটিপূর্ণ গাড়ির প্রচার করেছেন। ফলে তাঁদের এই কাজের জন্য প্রতারণার অভিযোগ আনা হয়েছে।
এই ঘটনাটি এমন এক সময় ঘটেছে, যখন ভারতে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের (যাঁরা পণ্যের প্রচার করেন) দায়বদ্ধতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। গত বছর ভারতের সুপ্রিম কোর্ট এক রায়ে জানিয়েছিল, যদি কোনো তারকা মিথ্যা বা ভুল পণ্যের প্রচার করেন, তবে তাঁদেরকেও এর জন্য দায়ী করা যেতে পারে।
এই ঘটনার পর বলিউড ও টলিউড তারকারা পণ্য প্রচারে আরও সতর্ক হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। অনেকে মনে করেন, শুধু টাকার জন্য যেকোনো পণ্যের বিজ্ঞাপনে অংশ নেওয়া উচিত নয়। শাহরুখ ও দীপিকার মতো বড় তারকাদের নাম এই ধরনের অভিযোগে জড়ানোয় এর শেষ পর্যন্ত কী হয়, তা দেখার বিষয়।