IPL-থেকেও অবসর নিলেন অশ্বিন, গণেশ চতুর্থীর দিনেই করলেন বড় ঘোষণা

ভারতের কিংবদন্তি ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন এবার IPL-কে বিদায় জানালেন। আজ সকালে নিজের এক্স (আগের টুইটার) হ্যান্ডেলে তিনি এই ঘোষণা করেছেন। ফলে আগামীতে আর তাঁকে আইপিএলে খেলতে দেখা যাবে না।

গণেশ চতুর্থীতেই বড় ঘোষণা
অশ্বিন তাঁর পোস্টে লিখেছেন, “বলা হয়, প্রতিটি সমাপ্তির সঙ্গেই আসে এক নতুন সূচনা। আমার আইপিএল ক্রিকেটার হিসেবে সময়টা আজ শেষ হচ্ছে। তবে আজ থেকেই শুরু হচ্ছে খেলাটিকে নতুনভাবে আবিষ্কারের পথচলা, বিভিন্ন লিগে নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের অধ্যায়।”

দীর্ঘ এই যাত্রায় তাঁকে সমর্থন করার জন্য তিনি সব ফ্র্যাঞ্চাইজি, আইপিএল এবং বিসিসিআইকে ধন্যবাদ জানিয়েছেন।

এই বছর চেন্নাই সুপার কিংস (CSK) তাঁকে ৯.৭৫ কোটি টাকায় কিনেছিল। কিন্তু তিনি সেভাবে সফল হননি। মাত্র ৯টি ম্যাচ খেলে তিনি পেয়েছেন মাত্র ৭টি উইকেট। এরপরেই খবর আসছিল যে CSK তাঁকে ছেড়ে দিতে পারে। তবে তার আগেই তিনি নিজেই অবসরের ঘোষণা করলেন।

৩৮ বছর বয়সী এই অফস্পিনার ২০০৯ সালে CSK-এর হয়ে আইপিএলে তাঁর যাত্রা শুরু করেছিলেন। এরপর তিনি দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসের হয়েও খেলেছেন। মোট ২২১টি আইপিএল ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ১৮৭টি উইকেট। ২০১০ ও ২০১১ সালে CSK-এর আইপিএল জয়ে তাঁর অবদান ছিল অনেক।