“জনগণের কাছে ক্ষমা চাইতে হবে..”-ইন্টরনেট ইনফ্লুয়েন্সারদের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা নিজেদের কনটেন্ট তৈরি করার জন্য বাকস্বাধীনতাকে ব্যবহার করতে পারবেন না। এমনটাই স্পষ্ট করে জানিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চের মতে, ইনফ্লুয়েন্সাররা যেহেতু বাণিজ্যিক কারণে কনটেন্ট তৈরি করেন, তাই কোনো কনটেন্ট যদি বাণিজ্যিক বা ‘নিষিদ্ধ’ বক্তৃতার মধ্যে পড়ে, তাহলে সেখানে বাকস্বাধীনতার অধিকার প্রযোজ্য হবে না।
সম্প্রতি রণবীর এলাহাবাদিয়ার একটি অনলাইন শো-কে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। সেই শোতে পাঁচজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার—সময় রায়না, বিপুল গোয়েল, বলরাজ পরমজিৎ সিং ঘাই, সোনালি ঠাকুর এবং নিশান্ত জগদীশ তনওয়ার—বিশেষভাবে সক্ষমদের নিয়ে ঠাট্টা-তামাশা করেন বলে অভিযোগ ওঠে।
এই ঘটনার পর শীর্ষ আদালতে তাদের বিরুদ্ধে মামলা হয়। অভিযুক্ত ইনফ্লুয়েন্সাররা আদালতের কাছে ক্ষমা চেয়েছেন। আদালত তাদের নির্দেশ দিয়েছে যে, তাদের নিজেদের সোশ্যাল মিডিয়া চ্যানেল থেকেও জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।
কেন্দ্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরমণী আদালতকে জানান, অনলাইন কনটেন্টের জন্য একটি গাইডলাইন তৈরি করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, যেহেতু বিষয়টি বাকস্বাধীনতার সঙ্গে যুক্ত, তাই এটি অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে দেখা হচ্ছে। শীর্ষ আদালত জানিয়েছে, এই বিষয়ে একটি কার্যকরী গাইডলাইন তৈরি করা খুব জরুরি।