“কেন বলবেন বাংলায় সব চোর?”-নাম না করে প্রধানমন্ত্রী মোদিকে নিশানা করলেন মমতা

গত সপ্তাহে বাংলায় এসে মেট্রো প্রকল্পের উদ্বোধনের পর রাজনৈতিক সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে দুর্নীতি নিয়ে মন্তব্য করেছিলেন। এর জবাবে মঙ্গলবার বর্ধমানের একটি সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি এটা প্রধানমন্ত্রীর থেকে প্রত্যাশা করি না, আমি তার চেয়ারকে সম্মান করি। তারও উচিত আমাদের সম্মান করা। কেন তিনি বলবেন যে বাংলায় সবাই চোর?’ তিনি আরও বলেন, ‘একটা কান না কাটা থাকলে কান কাটার ভয় থাকে। এদের দুটো কানই কাটা, তাই কান কাটার ভয় নেই।’
মুখ্যমন্ত্রী বলেন যে, বিজেপি শাসিত উত্তর প্রদেশ, মহারাষ্ট্র ও বিহারের মতো রাজ্যগুলিতে দুর্নীতি আরও বেশি। তিনি প্রশ্ন তোলেন, ‘বাংলাকে অসম্মান করার জন্য কত টিম পাঠিয়েছিলেন? ১৮৬টা টিম পাঠিয়েছিল, কল্পনা করতে পারেন?’
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নির্বাচন কমিশনকেও আক্রমণ করেন। তিনি বলেন, ‘ভোট এলেই এনআরসি (NRC) করতে হবে? নতুন করে নাম কাটতে হবে?’ তিনি কমিশনকে অনুরোধ করেন, ‘প্লিজ বিজেপির ললিপপ হবেন না। তাহলে কিন্তু মানুষ ক্ষমা করবে না।’
মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মোদীর ঘন ঘন বাংলা সফর নিয়েও কটাক্ষ করেন। তিনি বলেন, ‘নির্বাচনের আগে বারবার আসছেন, ঠিক পরিযায়ী পাখির মতো। ইলেকশন আসলেই আপনারা রোজ আসেন। আমি চাই ৩৬৫ দিনই আসুন। বিমান ফ্রি, হেলিকপ্টার ফ্রি, রাস্তাও ফ্রি – সবই তো পাচ্ছেন ফ্রিতে! আমি তো সরকার থেকে এক পয়সাও নিই না।’